কক্সবাজারে দুই শতাধিক দালাল মানবপাচারে জড়িত

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ২০:৫৩
মানব পাচার প্রতিরোধ বিষয়ে কক্সবাজার জেলা ও সিআইডি পুলিশের এক কর্মশালায় বলা হয়েছে, কক্সবাজারে কমপক্ষে ২শ’ দালাল সমুদ্রপথে মালয়েশিয়ায় আদম পাচারে জড়িত। কিন্তু তাদের সাথে বিভিন্ন প্রভাবশালী জড়িত থাকায় প্রশাসন এসব দালালকে গ্রেফতার করতে পারছে না। কর্মশালায় মানব পাচার প্রতিরোধে তৃণমূল পর্যায়ে ব্যাপক জনসচেতনতার উপর গুরুত্বারোপ করে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি, প্রশাসন পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ের মাধ্যমে কার্যকর ভূমিকা রাখা যেতে পারে বলে অভিমত ব্যক্ত করা হয়। গত শনিবার কক্সবাজার সাগরপাড়ের সী প্যালেস হোটেলের সম্মেলন কক্ষে ‘মানব পাচার প্রতিরোধ: পুলিশ, মিডিয়া ও কমিউনিটি পুলিশের ভূমিকা’ শিরোনামে আয়োজিত দিনব্যাপী উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো.আজাদ মিয়া। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পুলিশের সিআইডি বিভাগের ডিআইজি রৌশন আরা বেগম। কর্মশালায় পুলিশ কর্মকর্তা, কক্সবাজারে কর্মরত মিডিয়া কর্মী, কমিউনিটি পুলিশের কর্মকর্তা, সুশীল সমাজ ও বেসরকারি সংগঠনের কর্মকর্তারা অংশ নেন।