ঢাকা ক্যান্টনমেন্ট থেকে চট্টগাম সড়কে শাটল বাস সার্ভিস চাই

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ২১:২৪
সম্প্রতি ঢাকা সেনানিবাস ও মিরপুর সেনানিবাস এলাকায় নামমাত্র মূল্যে ২ টাকা সার্ভিস চার্জে সেনা পরিবহন নামে শাটল বাস সার্ভিস চালু হয়েছে যাতে সেনানিবাসের অভ্যন্তরে সামরিক ও বেসামরিক কর্মচারী এবং তাদের পরিবারবর্গের সদস্যরা চলাচল করতে পারেন। সেনাবাহিনীর এ সার্ভিসটি খুবই প্রশংসনীয়। উল্লেখ্য, সেনাবাহিনীর শাটল বাসগুলো শুধুমাত্র সেনানিবাসের অভ্যন্তরেই ৪৫ মিনিট পর পর চলাচল করে যা খুবই দীর্ঘ বিরতির। এতে সেনানিবাস এলাকা হতে দূরে বসবাসরত চাকরিজীবীদের অফিসে আসা-যাওয়া, সেনানিবাস এলাকার বিভিন্ন অফিসের জরুরি চিঠিপত্র এবং অসুস্থ রোগী নিয়ে দ্রুত হাসপাতালে বিশেষ করে সম্মিলিত সামরিক হাসপাতালে পৌঁছানো সম্ভব হয় না। সেবার মান বৃদ্ধিকল্পে ঢাকা ক্যান্টনমেন্ট হতে চিটাগাংরোডে নতুন রুট চালু এবং সেনানিবাসের অভ্যন্তরে চাকরিজীবীদের সময়ের গুরুত্বের কথা চিন্তা করে অধিক বাস চলাচলের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমান বাহিনীরও শাটল বাস সার্ভিস চালু করা একান্ত প্রয়োজন। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ জাানাচ্ছি। এম এম মৃধা, কাঁচপুর, নারায়ণগঞ্জ