অ্যান্ডি মারের কাছ থেকে আরও ভাল খেলা আশা করছেন তার কোচ ইভান লেন্ডল। বছরের প্রথম গ্রান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন খেলতে মারে কোর্টে নামার আগে এ প্রত্যাশার কথা জানান তিনি।
ব্রিটিশদের বহু বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত বছরেই মারে ইউএস ওপেনে তার প্রথম গ্রান্ড স্লাম শিরোপা জেতেন। এর পাশাপাশি গত বছর পুরুষ এককে অলিম্পিক স্বর্ণও জেতেন তিনি। তবে মারের কোচ ইভার লেন্ডল মনে করছেন, গত বছরের সাফল্যে ভেসে না গিয়ে এখন সময় আরও সামনের দিকে দৃষ্টি দেয়ার। বর্ণাঢ্য এক খেলোয়াড়ি জীবন কাটানোর পরে কোচিংকে পেশা হিসেবে বেছে নেয়া চেক প্রজাতন্ত্রের লেন্ডল বলেন, ‘গত বছরটা অবশ্যই অ্যান্ডির জন্য দারুণ কেটেছে। তবে আমি চাই সে সব সময়ই আরও সামনের দিকে দৃষ্টি দিক। আপনি কেবল তখনই সামনে এগিয়ে যেতে পারবেন যখন আপনার মধ্যে আরও বেশি বেশি জেতার তাগিদ থাকবে। যখনই আপনি নিজেকে সন্তুষ্ট মনে করবেন তখনই বিপদ আপনাকে ঘিরে ধরবে। আমি জানি সে (মারে) নিজেও আরও জিততে চায়।’
লেন্ডলের মুখে মারের গত বছরের যাবতীয় অর্জনের প্রশংসা ঝরলেও ব্রিটিশ খেলোয়াড়টিকে সতর্ক করে দিয়েছেন লেন্ডল। তিনি বলেছেন, মেলবোর্নে আরেকটি গ্রান্ড স্লামের জন্য মারে যখন তার প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হবেন সেসময় তার গত বছরের সাফল্য তেমন কোন কাজে আসবে না।
এই কোচ বলেন, ‘আমার মনে হয় এই ব্যাপারটা হয়তো তুলনামূলক বিচারে দুর্বল কোন প্রতিপক্ষের ক্ষেত্রে কাজে লাগতে পারে। তবে আমি নিশ্চিতভাবেই বলতে পারি, আপনি যখন সেরা কারও মুখোমুখি হবেন তখন এটি নিতান্তই তুচ্ছ একটা ব্যাপার। আমি ব্যাপারটা এভাবেই দেখি।’
এর কারণ ব্যাখ্যা করেন লেন্ডল, ‘এটা আপনাকে নিজের জন্য সাহায্য করবে কিন্তু তারা কি করতে যাচ্ছে তা বোঝার জন্য এটা কোন কাজে আসবে না। কারণ তারা এখানে আগেও এসেছে, খেলেছে, এই ব্যাপারটা দেখেছে এবং জিতেছে। সবচেয়ে বড় কথা, তারা সবাই খুবই অভিজ্ঞ। আপনি প্রথমবার জেতার সময় বুঝবেন জয়ের অনুভূতি কেমন। আপনি বুঝবেন জেতার জন্য কি প্রয়োজন। অর্থাত্ আপনি অভিজ্ঞতা অর্জন করলেন। রজার (ফেদেরার) এবং নোভাক (জোকোভিচ) এ ধরনের অভিজ্ঞতা যথেষ্টই অর্জন করেছে এবং মারে এখন এটা জানতে পারছে।’
