বিপিএল শুরু নিয়ে শংকা

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ২১:৫০
আর মাত্র তিন দিন পরই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরের উদ্বোধন হওয়ার কথা। কিন্তু এই সময়েই এসে বিপিএলের শুরু নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ১৭ জানুয়ারি বিপিএল উদ্বোধন ও ১৮ জানুয়ারি থেকে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএল কমিটি এখন পর্যন্ত একরকম চুপ। উদ্বোধনী অনুষ্ঠানটি কিভাবে সাজানো হবে, কারা থাকবেন সেখানে; কিংবা বিদেশি খেলোয়াড়রা কবে ঢাকায় আসছে এসব ব্যাপারেও বিসিবি নিরব। বিশ্বস্ত সূত্র থেকে জানা গেল, পিছিয়ে যেতে পারে বিপিএল। গতকাল রবিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে বিসিবি জানতে পেরেছে তারা পাকিস্তান খেলোয়াড় ছাড়বে না। সঙ্গে ক্যারিবিয়ান টি-টোয়েন্টির জন্য ওয়েষ্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তারকা খেলোয়াড়দের পাঠাতে পারবে না বলে জানা গেছে। আর বিপিএলের প্রধান জৌলুস এই দু’ দেশের তারকাদের সম্ভাব্য অনুপস্থিতি একরকম দ্বিধায় ফেলে দিয়েছে আয়োজকদের। তবে এসব বিষয়ে কিছুই জানে না বলে বলেছেন বিপিএল গভর্নিং কমিটির সদস্য সচিব ডা: আই এইচ মল্লিক। গতকাল রবিবার তিনি ইত্তেফাককে বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। আমরা এখনো আশাবাদী বিপিএলে পাকিস্তানী খেলোয়াড় আসবে। আজ (কাল) আমাদের একটা সভা রয়েছে। বিস্তারিত কাল জানাতে পারবো’। বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান নিয়েও ধূম্রজাল সৃষ্টি করছে ইভেন্ট ম্যানেজম্যান্ট প্রতিষ্ঠান গেম অন স্পোর্টস। কাল গেম অন স্পোর্টসের পরিচালক কাস্তভ লাহিরিকে উদ্বোধন অনুষ্ঠান সম্বন্ধে জিজ্ঞেস করলে তিনি কিছুই বলতে চাননি। এমনকি কারা এবার বিপিএল মাতাবেন সে বিষয়েও মুখ খুলতে চাননি। কিন্তু বিপিএলের দ্বিতীয় আসরকে জমজমাট করে তুলতে দেশি-বিদেশি শিল্পিরা অংশ নিবেন বলে জানা গেছে। কিন্তু গেম অন স্পোর্টস কেন এসব নিয়ে লুকোচুরি করছে তা যেন প্রশ্নের জন্ম দিচ্ছে। ঠিক যেমন বিপিএলে পাকিস্তানী ও ওয়েষ্ট ইন্ডিজ খেলোয়াড়রা অংশ না নিলে এই টুর্নামেন্টটি কতটা চাঙ্গা হবে সেই প্রশ্নও উঠে আসছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিপিএল কমিটির এক কর্মকর্তা বলেন, ‘পাকিস্তানী খেলোয়াড়দের না পেলে মাঠে দর্শক টেনে আনা কঠিন হয়ে যাবে। যদি পিসিবির সাথে বৈঠক করতে হয়, তাহলে বিপিএল এক সপ্তাহ পিছিয়ে দেয়ার পরিকল্পনা নিব আমরা। তবে সবকিছু ঠিক হবে বোর্ড সভায়’। উল্লেখ্য, আজকের নির্ধারিত বোর্ড সভাটি বিপিএল জটিলতার কারণে জরুরি সভায় রূপ নিতে যাচ্ছে।