রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ওপর কাঁচাবাজার বসানো হয়েছে। অভিযোগ রয়েছে, পুলিশের তত্ত্বাবধানে সেখানে এই বাজার বসেছে। রাস্তায় বাজার বসায় বড় ধরনের দুর্ঘটনার আশংকা ছাড়াও মহাসড়কে যানজট নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। বিশেষ করে মঙ্গলবার যানজট হয় সবচেয়ে বেশি। এদিন ভুলতা এলাকায় মহাসড়কের অর্ধেক জুড়ে বসানো হয় ফুটপাত। আর এসব ফুটপাতের দোকান থেকে দৈনিক ১০০ টাকা করে পুলিশের নিয়োজিত লোকজন চাঁদা তুলে থাকে।
মহাসড়কের পাশের ফুটপাত ও ভুলতা পুলিশ ফাঁড়ির সামনের অংশে শতাধিক ব্যবসায়ী রাস্তায় নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছে। প্রত্যেক ব্যবসায়ীর কাছ থেকে পুলিশের নিয়োজিত স্থানীয় যুবলীগ নেতা বাবুল মিয়া ও বাদল মিয়া ৫০ টাকা থেকে ১০০ টাকা করে উত্তোলন করছেন। এ টাকা প্রতিদিন সকাল ১০টার মধ্যে প্রদান করতে হয়। ফুটপাতের ব্যবসায়ীদের এককালীন ১০ হাজার টাকা প্রদান করে নিয়মিত বসার অনুমতি নিতে হয়। দিন দিন ব্যবসায়ীর সংখ্যা বেড়েই চলছে। মঙ্গলবার ও শুক্রবার পুলিশের ভ্যান রাখার স্থানটিও ভাড়া দেয়া হয়।
ফুটপাতের এক জুতার ব্যবসায়ী জানান, সময়মতো চাঁদার টাকা না দিলে মালামাল নিয়ে যাওয়া হয় পুলিশ ফাঁড়িতে। পুলিশ ও পুলিশের নিয়োজিত লোকজনের অত্যাচারে ক্ষুদে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠেছে। ফুটপাত থেকে তুলে দেয়ার ভয়ে সবাই নিরবে চাঁদার টাকা প্রদান করে থাকে।
যুবলীগ নেতা বাদল মিয়া ও বাবুল মিয়া জানান, দৈনিক ৩০০ টাকা মজুরিভিত্তিতে তারা ফুটপাত থেকে টাকা উত্তোলন করেন। ফুটপাতের ১০০ দোকান থেকে প্রতিদিন ফাঁড়ি পুলিশকে ৮ হাজার টাকা প্রদান করতে হয়।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সেলিম মিয়া জানান, ফুটপাত থেকে পুলিশ টাকা উত্তোলন করে না। তাছাড়া ক্ষুদে ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই মহাসড়কের পাশে বসে ব্যবসা করে আসছে। তবে পুলিশের চাঁদাবাজির অভিযোগ সঠিক নয়।
