অভয়নগরে হাতি দিয়ে চাঁদাবাজি!

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ২১:৫১
নওয়াপাড়া বাজারে হাতি দিয়ে চলছে চাঁদাবাজি। নিরুপায় হাতি মাহুতের সুচালো লাঠির আঘাতে বাধ্য হয়ে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে লম্বা শুঁড় উঁচিয়ে দাঁড়াচ্ছে, আর ব্যবসায়ীরা ভীত হয়ে হাতির শুঁড়ে বিশ, পঞ্চাশ টাকা তুলে দিচ্ছেন। হাতি দিয়ে মহাসড়কের পাশে অবস্থিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজির সময় সৃষ্টি হচ্ছে যানজট। বিপাকে পড়ছেন সাধারণ পথচারীরা। আবার কিছু মানুষ ছুটছে হাতির পিছু পিছু। এতে ভির বাড়ায় যানজট আরো বৃদ্ধি পাচ্ছে। হাতির পায়ের নিচে চাপা পড়ে যে কোন মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। হাতি দিয়ে চাঁদাবাজির কারণ জানতে চাইলে মাহুথ ধনঞ্জয় বলেন, রাতের বেলায় সার্কাস দেখিয়ে যে টাকা আয় হয় তা হাতির মালিক সবটাই নিয়ে নেয়। তাই বাড়তি আয়ের জন্য বাজার ঘাটে হাতি দেখিয়ে টাকা উপার্জন করছি, চাঁদাবাজি করছি না। কিন্তু নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী মিজানুর বলেন, মাহুথ হাতি দিয়ে চাঁদাবাজিই করছে। আর এতে সাধারণ মানুষের চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী প্রশাসনের নিকট হাতি দিয়ে চাঁদাবাজি বন্ধের জোর দাবি জানিয়েছে। নওয়াপাড়া হাইওয়ে সার্জেন্ট সাইফুল ইসলাম বলেন, ‘আনন্দ’ যদি বেদনার কারণ হয় তবে তা দুঃখজনক। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে। ব্যবসায়ীরা বলেন, কম টাকা দিলে মাহুতের সূচালো লাঠির আঘাতে হাতি টাকা না নিয়ে লাফঝাপ শুরু করেন। এতে তারা ভীত হয়ে বেশি টাকা দিতে বাধ্য হচ্ছেন। এসব ব্যাপারে অভয়নগর থানা ওসি কাজী সালেক আহম্মেদের সাথে যোগাযোগ করা হলে তিনিও বলেন, অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।