চট্টগ্রাম শহরে গত বছরের শেষদিকে ভেঙ্গে পড়া বহদ্দারহাট ফ্লাইওভারের কাজ চলতি অর্থ বছরের মধ্যেই শেষ করা হবে। ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে যাওয়ার বিষয় তদন্তের জন্য খান টিপু সুলতানকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি সংসদীয় সাব-কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় সংসদ ভবনে গতকাল রবিবার সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব কথা জানানো হয়। সংসদ সচিবালয় জানায়, চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন ও ভরাট খাল সংস্কারের বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে বলা হয়, চট্টগ্রাম সিটি করপোরেশন শহরের জলাবদ্ধতা নিরসনে একটি প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে প্রেরণ করেছে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর দ্রুতই জলাবদ্ধতা নিরসনের কাজ শুরু হবে। অপরদিকে সংসদীয় কমিটির নিকট চট্টগ্রাম উন্নয়ন পরিষদ থেকে পাঠানো বিভিন্ন অভিযোগের বিষয়ে সদস্যরা আলোচনা করেছেন।
কমিটির সদস্যরা চট্টগ্রাম ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সার্বিক কার্যক্রম, বর্তমান সমস্যা ও ভবিষ্যত্ পরিকল্পনা সম্পর্কেও আলোচনা করেন। এবিএম গোলাম মোস্তফার সভাপতিত্বে খান টিপু সুলতান, এস কে আবু বাকের এবং মঈন উদ্দীন খান বাদল বৈঠকে অংশগ্রহণ করেন। চট্টগ্রাম ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
