সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে দেড়শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটকের পর মোটা অংকের উেকাচ নিয়ে তাদের ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের এস আই আউয়ালের নেতৃত্বে একটি টিম গতকাল রবিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের এসও রোড এলাকায় অভিযান চালিয়ে দেড়শ’ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আবদুল জলিলের ছেলে আবদুর রহিম বাদশা ও আবু কাশেমের ছেলে শহীদকে আটক করে গাড়িতে তোলে। এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, দুইজনের কাছ থেকে দেড়শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযোগ রয়েছে, দুইজনকে ডিবির গাড়িতে তোলার পর রাস্তায় মোটা অংকের টাকার লেনদেনের পর ছেড়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে এস আই আউয়াল মুঠোফোনে জানান, ৮ পিস ইয়াবাসহ আলমগীর নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অন্য কাউকে গ্রেফতার কিংবা ছেড়ে দেয়ার প্রশ্নই ওঠে না। অন্যদিকে ডিবির ওসি দেলোয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান।
