ফেনীতে পূবালী ব্যাংক ফেনী বাজার শাখার জুনিয়ার কর্মকর্তা (ক্যাশ) বিপ্লব কুমার রায় (২৮) শুক্রবার রাতে শহরের রামপুর এলাকায় একটি ভাড়া বাসায় সিলিং ফ্যানের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
পুলিশ ও ব্যাংক কর্মকর্তা সূত্র জানায়, পূবালী ব্যাংক ফেনী বাজার শাখার জুনিয়ার কর্মকর্তা (ক্যাশ) বিপ্লব কুমার রায়কে শনিবার সকালে ব্যাংকের দারোয়ান ডাকতে যায়। অনেক ডাকাডাকি করে তার কোন সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে সে বিপ্লব কুমার রায়কে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এবং বিষয়টি ব্যাংকের শাখা ব্যবস্থাপককে জানায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পুলিশ তার ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করে। যেখানে লিখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেহ দায়ী নয়’। মৃত বিপ্লব কুমার রায় ঝিনাইদহের শৈলকুপা ইউনিয়নের কবিরপুর গ্রামের বিমল কুমার রায়ের ছেলে। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, মাঈনুল আফসার ব্যাংক কর্মকর্তার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন।
