সাতক্ষীরার ভূমিহীন পল্লীতে সন্ত্রাসী হামলা আহত ২০

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ২১:৫৮
সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন উপকূলীয় গাবুরা ইউনিয়নের ঘোপের খালের উত্তর পাড়ের ভূমিহীন পল্লীতে গতকাল রবিবার সকালে সন্ত্রাসী হামলায় নারী-পুরুষসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। সন্ত্রাসীরা ভূমিহীনদের ঘর-বাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট করাসহ চিংড়ি ঘেরের বাঁধ কেটে দিয়ে ক্ষতিসাধন করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৮ টার দিকে গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের গহর আলীর পুত্র ইউপি মেম্বর আবিয়ার রহমান ও নওশের আলীর নেতৃত্বে শতাধিক লোক দা, কুড়াল, গরানের লাঠি নিয়ে ঘোপের খালের উত্তর পাড়ের ভূমিহীন পল্লীতে হামলা চালায়। সন্ত্রসীরা ভূমিহীনদের ঘর-বাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে। তারা ভূমিহীনদের চিংড়ি ঘেরের বাঁধ কেটে দিয়ে মোটা অংকের ক্ষতিসাধন করে। এসময় বাধা দিতে গেলে সন্ত্রাসীদের হামলায় প্রায় ২০ জন ভূমিহীন নারী-পুরুষ আহত হয়। সন্ত্রাসীরা ভূমিহীন সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাককে আটক রেখে তার স্ত্রী মায়া খাতুনের শ্লীলতাহানি করার চেষ্টা চালায়। তারা ভূমিহীন সভাপতি রাজ্জাককে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তারা রাজ্জাককে ছেড়ে দিয়েছে বলে জানা গেছে। ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও গ্রামবাসী জানিয়েছেন, ভূমিহীনদের উচ্ছেদ করে সরকারি জমি দখল করাই এই হামলার উদ্দেশ্য।