তীব্র শীতের বলয় থেকে বেরিয়ে আসছে দেশ। রাজধানীসহ দেশের বেশ কিছু অঞ্চল ইতিমধ্যে শৈত্য প্রবাহ থেকে বেরিয়ে এসেছে। একমাত্র শ্রীমঙ্গল তীব্র শৈত্যপ্রবাহের আওতায় রয়েছে্। সেখানে তাপমাত্রা ছিল ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রবিবার এটিই ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, মৃদু শৈত্যপ্রবাহের আওতায় রয়েছে রংপুর, রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগ। এছাড়া ময়মনসিংহ, টাঙ্গাইল, সন্দ্বীপ, সিতাকুন্ডু, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, হাতিয়া, কুতুবদিয়া ও সিলেটের উপর দিয়েও বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এই অবস্থা আরও এক থেকে দুই দিন অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। অন্যদিকে গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
