আবহমান বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের নিদর্শন সমূহের সংগ্রহ, সংরক্ষন, প্রদর্শন এবং পুনরুজ্জীবনের লক্ষ্যে ঐতিহাসিক সোনারগাঁওয়ের বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশন চত্ত্বরে মাসব্যাপী লোকজ উত্সব শুরু হচ্ছে আজ থেকে। আজ বিকেলে সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপের সভাপতিত্বে লোকজমঞ্চে মেলার উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্ল¬াহ আল কায়সার, সংস্কৃতি মন্ত্রনালয়ের সচিব সুরাইয়া বেগম এনডিসি।
এ মেলা উপলক্ষ্যে বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ জানান, আমরা ইতোমধ্যে মেলার সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। দেশের বিভিন্ন অঞ্চলের কারু শিল্পীদের পন্য উত্পাদন, প্রদর্শন ও বিক্রির জন্য এবার মেলায় ১৮০টি বাহারী রঙের কারুশিল্পের দোকান স্থান পেয়েছে। এর মধ্যে ২২টি স্টলে ৪৪ জন কারুশিল্পীকে তাদের তৈরি শিল্প সামগ্রী প্রর্দশন ও বিক্রয়ের সুবিধা থাকবে। মেলার পাশাপাশি হারিয়ে যাওয়া খেলাধুলা, সার্কাস, পিঠা প্রদর্শনী, লোকজ মঞ্চে প্রতিদিন লালনগীতি, গম্ভীরা, আলকাপ, লোকজ যাত্রাপালা, গীতিনৃত্য নাটক, বাউলগান, কবিগান, পালাগান, জারি-সারি ও ভাটিয়ালি, ভাওয়াইয়া গান, লোকসংগীত, নাটক, লোক বিষয়ক সেমিনারসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও মেলায় দেশের বিলুপ্ত প্রায় লোকজ জীবনের বিভিন্ন দৃশ্যবলী প্রদর্শণ করা হবে।
আজ সোমবার ১৪ ফেব্রুয়ারী থেকে লোকজ উত্সব শুরু ও আগামী ১২ ফেব্রয়ারী পর্যন্ত এ মেলা চলবে। এ মেলা উপলক্ষ্যে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন খোলা থাকবে।
