মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ২১:৫৯
মোঃ হোসেন শাহ আজ ১৪ জানুয়ারী দক্ষিণাঞ্চলের প্রবীণ সাংবাদিক, দৈনিক শাহনামার প্রতিষ্ঠাতা মোঃ হোসেন শাহর নবম মৃত্যুবার্ষিকী। মরহুম হোসেন শাহ প্রায় ৩২ বছর আগে প্রথম মাসিক বাংলার বনে পত্রিকা প্রকাশের মাধ্যমে সংবাদপত্র অঙ্গনে প্রবেশ করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বেলা ১১টায় মুসলিম গোরস্থানে মরহুমের কবর জেয়ারত, বাদ জোহর দৈনিক শাহনামা অফিসে দোয়া , মিলাদ ও আলোচনা সভা, বাদ আছর স্থানীয় চাঁদমারী এছহাকিয়া রশিদিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। এদিকে বিকালে ঝালকাঠী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার হল রুমে মিলাদ মাহফিল, একই দিন বাদ জোহর শ্রীপুর মাদ্রাসায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া দৈনিক বাংলার বনে পত্রিকা মরহুমের স্মরণে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। আলহাজ্ব নূরজাহান বেগম মুক্তিযুদ্ধে শহীদ আনোয়ার হোসেনের মাতা নূরজাহান বেগমের আজ ১৪ জানুয়ারি দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বাদ জোহর নরসিংদী জেলা ও সদর থানাধীন কাজির কান্দি গ্রামে মরহুমার নিজ বাড়ীতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। কুন্তল বিশ্বাস নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাবেক সদস্য কুন্তল বিশ্বাসের আজ সোমবার প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে নেত্রকোনা উদীচী অফিসে সন্ধ্যায় “মনোবিজ্ঞানের আলোকে আমাদের সমাজ ও রাজনীতি” শীর্ষক স্মারক বক্তৃতার আয়োজন করা হয়েছে। এছাড়া তার বাসভবনে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে। আবুল কাসেম ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) প্রাক্তন প্রেসিডেন্ট মরহুম আবুল কাসেমের ২২তম মৃত্যুবার্ষিকী আজ ১৪ জানুয়ারী। কর্মজীবনে তিনি বিভিন্ন শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।