চট্টগ্রামে ১৪ দলের জনসভা কাল

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ২২:০০
চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে আগামীকাল মঙ্গলবার বিকাল ৩টায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের জনসভা অনুষ্ঠিত হবে। একাত্তরের মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন এবং বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ব্যাপক গণজাগরণ সৃষ্টির উদ্দেশে এই জনসভার আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও কেন্দ্রীয় ১৪ দলের দপ্তর সমন্বয়ক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক বিবৃতিতে গতকাল রবিবার এ তথ্য জানানো হয়। জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, কার্য-নির্বাহী সংসদের সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বন ও পরিবেশমন্ত্রী ড. হাসান মাহমুদ, জাসদের কার্যকরী সভাপতি মাইনউদ্দিন খান বাদল এমপি, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, কমিউনিস্ট কেন্দ্রের সভাপতি ডা. ওয়াজেদুল ইসলাম খান, গণআজাদী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, সাম্যবাদী দলের প্রদ্যুত কুমার ফণি, গণতন্ত্রী পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, ন্যাপের যুগ্ম-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, গণতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি জাকির হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় ১৪ দলের নেতৃবৃন্দ।