পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্থানে গতকাল রবিবার বোমা বিস্ফোরণে ১৪ সেনা সদস্য নিহত এবং ২৫ জন আহত হয়েছে। গোয়েন্দা সংস্থার সদস্যরা জানান, ওয়াজিরিস্থানের রাজমাক এলাকার মিরামশাহে রাস্তায় সেনা সদস্যদের গাড়ি লক্ষ্য করে দূরনিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। দেশটির সেনাবাহিনীর ওপর আর হামলা চালানো হবে না বলে তালেবানের লিফলেট বিতরণের একদিন পর এ ঘটনা ঘটলো। খবর ডন ও রয়টার্সের।
আহতদের পেশোয়ারে সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। সেনাবাহিনী ঘটনার সত্যতা স্বীকার করেছে। তবে এখন পর্যন্ত হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। অন্য একটি ঘটনায় উপজাতি অধ্যুষিত খাইবার অঞ্চলের বারা জেলায় আমান লস্করের কর্মী এবং জঙ্গিদের মধ্যে সংঘর্ষে দুই জঙ্গি নিহত এবং লস্করের এক সদস্য আহত হয়েছে। এছাড়া ওই অঞ্চলের জাকাখেল বাজারের কাছে একটি বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছে।
