আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে গতকাল রবিবার আবারও সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘন্টাব্যাপী সংঘর্ষ চলাকালে কলেজের আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ ও র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় কয়েকটি দোকান ভাংচুর ও কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবারের ঘটনার জের ধরে রবিবার দুপুর ১২টার দিকে কলেজ এলাকায় আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে কলেজের আশপাশের ইলিয়ট ব্রীজ, ইবি রোড, ইসলামিয়া কলেজ রোড ও সরকারি কলেজ রোড, নগরদীপ পুল রোড এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। অতিরিক্ত পুলিশ সুপার মোক্তার হোসেন, সদর সার্কেল এএসপি কাজী এহসানুল কবীর ও র্যাবের কোম্পানি কমান্ডার অশোক কুমার পালের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব ঘটনাস্থলে অবস্থান নিলে দুপুর দেড়টার দিকে পরিস্থিতি শান্ত হয়। আহতরা প্রাথমিক চিকিত্সার পর সুস্থ রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোক্তার হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অর্ধশতাধিক রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করা হয়েছে। ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে।
প্রসঙ্গত, শনিবার ছাত্রদল ও ছাত্রলীগের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছিল। এ ঘটনায় ওইদিন রাতেই সদর থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে এবং ঘটনাস্থল থেকে আটক ৭ জনকে ওই মামলায় আটক দেখানো হয়েছে।
