শাহাজালাল ইসলামী ব্যাংকের ১৯ কর্মকর্তাকে দুদকে তলব

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ২২:১০
হলমার্ক গ্রুপের মাধ্যমে নন-ফান্ডেড অংশের প্রায় ১১০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ১৯ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুপুরে ব্যাংকটির ৪ শাখার ১৯ কর্মকর্তাকে তলব করে ২টি নোটিস পাঠিয়েছে দুদকের তদন্ত টিম। নোটিসে আগামী ২৭ জানুয়ারি ব্যাংকের ৭ কর্মকর্তাকে, ২৮ তারিখ ৬ কর্মকর্তাকে এবং ২৯ তারিখ ৬ কর্মকর্তাকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। দুদকের অনুসন্ধানে দেখা গেছে হলমার্কসহ টি অ্যান্ড ব্রাদার্স, ডিএন স্পোর্টস, প্যারাগন গ্রুপ, নকশী নিট, খানজাহান আলী গ্রুপসহ কয়েকটি প্রতিষ্ঠানকে ঋণ পেতে শাহজালাল ইসলামী ব্যাংকসহ প্রায় ৩০টি ব্যাংকের কর্মকর্তারা সহযোগিতা করেছেন। তদন্তের ধারাবাহিকতায় শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ১৯ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল নোটিস পাঠানো হয়। নোটিসে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড ইস্কাটন শাখার এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি ম্যানেজার এস এম হাসানুল কবীর, ভাইস প্রেসিডেন্ট ও ঐ শাখার ব্যবস্থাপক মো. আসলামুল হক, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. শহিদুল ইসলাম, ব্যাংকটির পান্থপথ শাখার রিলেশনশিপ ম্যানেজার শামসুল আরেফিন সিদ্দিকী, ফার্স্ট এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট হেলাল উদ্দিন আহম্মেদ, এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট নিয়াজ মোহাম্মদ খান এবং ভাইস প্রেসিডেন্ট ও ঐ শাখার ম্যানেজার মো. আব্দুর রহিমকে আগামী ২৭ জানুয়ারি দুদকে তলব করা হয়েছে। এছাড়া ২৮ জানুয়ারি ব্যাংকটির গুলশান শাখার এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মো. মনোয়ারুল ইসলাম, সিনিয়র অফিসার জান্নাত লুনা, ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি ম্যানেজার মো. নজরুল ইসলাম, জুনিয়র এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট গালিব মাহবুব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও গুলশান শাখার ম্যানেজার মোতালেব হোসেন ও নারায়ণগঞ্জ শাখার অফিসার তাহমিনা আক্তারকে হাজির হতে বলা হয়েছে। এর বাইরে আগামী ২৯ জানুয়ারি ব্যাংকটির নারায়ণগঞ্জ শাখার জুনিয়র এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি ম্যানেজার হরিলাল দেবনাথ, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. কামরুল ইসলাম, অফিসার সাজিয়া ইসলাম, মো. ওয়াজিদুল ইসলাম, জুনিয়র এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি ম্যানেজার নাফিসা হাবিব এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার এস এম রাশেদুল করিমকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে।