ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এলাকায় আজ সোমবার ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ব্রিগেড কমান্ডারদের সঙ্গে পতাকা বৈঠক করবেন পাকিস্তানের সীমান্ত বাহিনীর ব্রিগেড কমান্ডাররা। গতকাল রবিবার পাকিস্তান বৈঠকে সম্মতির কথা জানায়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ভারতের সেনাবাহিনীর জনসংযোগ অধিদপ্তর থেকে জানানো হয়েছে, সোমবার দুপুরে পুঞ্চের সীমান্ত রেখার চাখান-দা-বাগ পয়েন্টে দুই দেশের ব্রিগেড কমান্ডারদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। গত ৮ জানুয়ারি কাশ্মীরে দুই দেশের নিয়ন্ত্রণ রেখায় ভারতের দুই সৈন্য নিহত হওয়ার পর দেশটির পক্ষ থেকে ১১ জানুয়ারি পাকিস্তানকে এ বৈঠকের আহবান জানানো হয়েছিল। আশা করা হচ্ছে এ বৈঠকের মাধ্যমে সীমান্ত বাণিজ্য আবার শুরু হতে পারে। গত শুক্রবার এবং শনিবার বাণিজ্য বন্ধ করে দেয় পাকিস্তান। গত ৬ জানুয়ারি এক পাক সৈন্য নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ পর্যন্ত দুই দেশের মোট ৪ সৈন্য নিহত হয়েছে। সৈন্য হতাহতের ঘটনায় দুই দেশ একে অপরকে দোষারোপ করছে।
এদিকে জম্মু ও কাশ্মীরে এক পঞ্চায়েতের ওপর জঙ্গিদের হামলার ঘটনায় গতকাল বড়মুল্লা জেলার ২০ পঞ্চায়েত সদস্য প্রাণহানির আশঙ্কার কথা জানিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছে। শুক্রবার জঙ্গি হামলায় হাবিবুল্লাহ মীর নামের এক সদস্য নিহত হয়।
