প্রধানমন্ত্রীর ভাষণ অন্তঃসারশূন্য

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ২২:১২
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, সরকারের চার বছর পূর্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভাষণ দিয়েছেন, তার কোনো মূল্য আছে বলে মনে করি না। তিনি বলেন, এই ভাষণ ছিল গতানুগতিক ও অন্তঃসারশূন্য। সফলতার কথা বললেও কোন ব্যর্থতার কথা প্রধানমন্ত্রী বলেন নি। তিনি পদ্মাসেতু দুর্নীতি, হলমার্ক কেলেঙ্কারি, রেলে নিয়োগ দুর্নীতি, রামুর বৌদ্ধবিহারে হামলা সম্পর্কে কিছুই বলেননি। বিশ্বজিত হত্যার নিন্দা পর্যন্ত জানাননি। তাই তার ভাষণের কোনো মূল্য মানুষের কাছে নেই। গতকাল জাতীয় প্রেসক্লাবে ‘প্রতিহিংসার চার বছর: সংবিধান, গণতন্ত্র ও মানবাধিকার’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর লেবার পার্টি আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন পার্টির ঢাকা মহানগর শাখার আহবায়ক আহসান উল্লাহ শামীম। বক্তব্য দেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী প্রমুখ। ব্যারিস্টার মওদুদ বলেন, আওয়ামী লীগ প্রতিহিংসা পরায়ন দল। বাংলাদেশে কেউ যদি গণতন্ত্রকে ধ্বংস করে থাকে, সেটা আওয়ামী লীগ করেছে। শুধু তাই নয়, সংসদ বর্জনের রাজনীতিরও প্রবর্তক তারা। বিএনপির শাসনামলে ৯৪-৯৫ সালের পুরো সময়ই সংসদ বর্জন করেছিল দলটি। তিনি আরো বলেন, আগামীতে ওয়ান ইলেভেনের মতো ঘটনা ঘটলে তার দায়-দায়িত্ব আওয়ামী লীগকে নিতে হবে এবং এতে তারাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হবে। তিনি স্মরণ করিয়ে দেন, এই সরকার ক্ষমতায় এসেই বলেছিল, ওয়ান-ইলেভেনের সরকারের শ্বেতপত্র প্রকাশ করবে। কিন্তু তারা তা করেনি। কারণ নৈতিকভাবে শ্বেতপত্র প্রকাশ করার সাহস তাদের নেই। বর্তমান সরকারের অধীনে ১৮ দলীয় জোট কোনো নির্বাচনে অংশ নেবে না জানিয়ে ব্যারিস্টার মওদুদ বলেন, বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দল। আমাদের হাতে সময় আছে। এই সরকারের বিরুদ্ধে উপযুক্ত সময়ে উপযুক্ত কর্মসূচি দেয়া হবে বলে তিনি জানান।