গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, দেশে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সরকারি দলের লোকদের হাতে নারী নির্যাতনের ঘটনা ঘটছে। সংঘটিত এসব নারী নির্যাতনকেও সরকার প্রতিরোধ করতে পারেননি। উল্টো ধর্ষকদের নানাভাবে রক্ষা করা হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল রবিবার বিকালে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। গণধর্ষণের বিচার ও নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে গণতান্ত্রিক বাম মোর্চা এ কর্মসূচি পালন করে।
সমাবেশে জোনায়েদ সাকির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন—সাইফুল হক, মোশরেফা মিশু, মোশাররফ হোসেন নান্নু, আবদুস সাত্তার, হামিদুল হক, মহিউদ্দিন চৌধুরী লিটন প্রমুখ। বক্তারা অবিলম্বে টাঙ্গাইলের গণধর্ষণসহ সকল ধর্ষণ ও নির্যাতনের বিচার দাবি করেন। তারা নারীর নিরাপদ জীবন নিশ্চিত করতে জনসাধারণের সচেতন ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। বক্তারা বলেন, সর্বত্র সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলেই সরকারকে বাধ্য করতে হবে সকল নারী নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।
আগামী ১৬ জানুয়ারি জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণার প্রতিবাদে এবং তা অতিসত্বর প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী অর্ধদিবস হরতাল পালনের জন্য সমাবেশে সর্বস্তরের মানুষকে আহ্বান জানানো হয়। পরে বিক্ষোভ মিছিল বের হয়।
