যুক্তরাষ্ট্রই সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ২২:১৩
মার্কিন যুক্তরাষ্ট্রই বিশ্বে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করেছেন হংকং ভিত্তিক হলিউডের বিখ্যাত অভিনেতা জ্যাকি চ্যান। মার্কিন গণমাধ্যমে সমপ্রতি চীনের নেতাদের দুর্নীতি নিয়ে সমালোচনার প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। চীনের ফোনিক্স টেলিভিশনকে দেয়া সাক্ষাত্কারে চ্যান বলেন, চীন দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক শক্তির সঙ্গে লড়াই করে আসছে এবং সম্প্রতি দেশটি উন্নতির দিকে যাচ্ছে। চীনের মতো আমেরিকাসহ আরো অনেক দেশেই দুর্নীতি আছে বলে মন্তব্য করে চ্যান বলেন, ‘চীন নয়, যুক্তরাষ্ট্রই সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত’। দুর্নীতি চীনে উত্পত্তি হয়নি উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের অন্যান্য স্থান থেকে এর উত্পত্তি হয়েছে। আর দুর্নীতির সমালোচনা করবে দেশের নাগরিকরা, কোনো বিদেশি নয়। বিশ্বের বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে জন্ম নেয়া চ্যান চীনকে সবচেয়ে ভাল দেশ বলে উল্লেখ করেন বিশ্বে জনপ্রিয় এই অভিনেতা। তিনি আরো বলেন, আমরা বিদেশিদের কাছে এ সম্পর্কে বলবো যখন দেশের দরজা বন্ধ হবে। সম্প্রতি মার্কিন গণমাধ্যমে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওসহ কিছু নেতার অর্থ-সম্পদ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।