মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে পুনরায় যুক্তি উপস্থাপন শুরু করেছে রাষ্ট্রপক্ষ। গতকাল রবিবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী সাঈদীর বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করেন। সাঈদীর বিরুদ্ধে মামলায় ১১টি অভিযোগের বিষয়ে যুক্তি উপস্থাপন করেন তিনি। মামলার কার্যক্রম আজ সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।
গত ৬ ডিসেম্বর উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাঈদীর মামলার রায় যেকোনো দিন দেয়া হবে উল্লেখ করে মামলাটির রায় ঘোষণা অপেক্ষমাণ (সিএভি) রাখে ট্রাইব্যুনাল-১। পরে বেলজিয়াম প্রবাসী আইনজ্ঞ ড. আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এর সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের স্কাইপে কথোপকথনের খবর প্রকাশ হলে আসামিপক্ষ জামায়াতের সাবেক আমীর গোলাম আযম, বর্তমান আমীর মতিউর রহমান নিজামী ও সাঈদীর বিচার নতুন করে শুরুর আবেদন করে। গত ৩ জানুয়ারি এ আবেদন খারিজ করে দেয় ট্রাইব্যুনাল-১। তবে সাঈদীর মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক পুনরায় উপস্থাপনের নির্দেশ দেয়। আদেশ অনুযায়ী ১৩ ও ১৪ জানুয়ারি রাষ্ট্রপক্ষ এবং ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের তারিখ ধার্য করা হয়। আদেশ অনুযায়ী গতকাল এ যুক্তি উপস্থাপন শুরু হয়।
বিটিভি ও এটিএন নিউজকে বিচারাধীন বিষয়ে সংবাদ প্রচার না করার নির্দেশ
বিচারাধীন বিষয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও এটিএন নিউজকে প্রতিবেদন ও অনুষ্ঠান প্রচার না করার নির্দেশ দিয়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আবেদন নিষ্পত্তি করে দিয়েছেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে মামলার কোনোপক্ষ ক্ষতিগ্রস্ত হয় এমন প্রতিবেদন প্রচার ও প্রকাশ থেকে গণমাধ্যমকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। আদালত অবমাননার অভিযোগে এটিএন নিউজ ও বিটিভির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য এই আবেদন করেছিলেন যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত জামায়াত নেতা সাঈদী।
কাদের মোল্লার পক্ষে যুক্তি উপস্থাপন অব্যাহত
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপন অব্যাহত রয়েছে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ গতকাল আসামিপক্ষের আইনজীবী আব্দুস সোবহান তরফদার যুক্তি উপস্থাপন করেন। এর আগে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক কাদের মোল্লার পক্ষে আইনি বিষয়ে যুক্তি উপস্থাপন করেন।
