এমপিওভুক্তির দাবিতে সপ্তম দিনেও পুলিশের বাধার মুখে কর্মসূচি পালন করেছেন ননএমপিও শিক্ষকরা। গতকাল রবিবার জাতীয় মানবাধিকার কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করতেও পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি দেয়া হয়।
শিক্ষকরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের কাছে অনুরোধ করে বলেন, সরকার আমাদের কর্মসূচি পালনের জন্য একটি স্থান নির্ধারণ করুক। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চাই। এ সময় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর কাঁদানে ও তরল গ্যাস নিক্ষেপ করে পুলিশ নিন্দনীয় কাজ করেছে। এটা গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এ ধরনের আচরণ না করার জন্য এসময় উপস্থিত পুলিশ সদস্যদের প্রতি তিনি আহ্বান জানান।
গতকাল সকাল ১১টার দিকে মগবাজারস্থ মানবাধিকার কমিশনের সামনে তারা অবস্থান নিতে চাইলে পুলিশ বাধা দেয়। পুলিশ আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পিপার সেপ্র নিক্ষেপ করে। দুপুরের পর মগবাজার থেকে মিছিল নিয়ে শিক্ষকরা প্রেসক্লাব আসতে চাইলে মত্স্যভবনের সামনে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় শিক্ষকরা রবিবারের কর্মসূচি স্থগিত করেন। গতকালও আন্দোলনরত শিক্ষকরা ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না করে তারা ঘরে ফিরবেন না। শিক্ষক নেতা এশারত আলী জানান, সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি আবারও শুরু হবে।
