চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী ও বিএনপির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয়পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও ১৫/২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদশীর সূত্রে জানা গেছে, গত ৯ ডিসেম্বর বিরোধী দলের ডাকা হরতালকে কেন্দ্র করে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নাধীন নিরাতুলী বাবুপুর ও সুন্দরপুর গ্রামের আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের জের ধরে গতকাল রবিবার সকালে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় শতাধিক বোমা বিস্ফোরিত হয়। উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ১৫/২০ জন আহত হয় এবং নিরাতুলী বাবুপুর গ্রামের আবদুস সোবহানের ছেলে নাইরুল (৩০) নিহত হয়। সূত্র মতে, এ সময় প্রায় ২০/২৫টি বাড়ি ঘর ভাংচুর, লুটপাট ও পুড়িয়ে ফেলা হয়।
এ ব্যাপারে পুলিশ সুপার সাজ্জাদুর রহমান জানান, নিহত নাইরুল আওয়ামী লীগ সমর্থিত। তিনি আরো জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। অন্যদিকে শিবগ্ঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শারজিল হাসান জানান, ১০/১২টি বাড়িঘর ভাংচুর লুটপাট ও পুড়িয়ে ফেলা হয়েছে।
