জাতীয় পার্টি (এ) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, আওয়ামী লীগের এখন যে অবস্থা, তাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা ১শ’ আসনও পাবে কি-না সন্দেহ রয়েছে। কারণ ছাত্রলীগের পেটোয়া বাহিনীর দখলবাজি ও সন্ত্রাসের জন্য আওয়ামী লীগের ভাবমুর্তি ক্ষুণ্ন হচ্ছে। তারা দেশের সম্পদ লুণ্ঠন করে দেশকে অনেক পিছনে ফেলে দিয়েছে। কাজেই জনগণ তাদের ভোট দিবে না।
গতকাল রবিবার মিঠাপুকুর উপজেলার জায়গীরহাটের লতিফপুরে নিহত গার্মেন্টস শ্রমিক শাহিনুর ও জান্নাতির পরিবারের পুনর্বাসন কার্যক্রম অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সম্প্রতি তাজরীন গার্মেন্টসের অগ্নিকাণ্ডে আরো অনেকের সঙ্গে ওই দুই শ্রমিক নিহত হন। অনুষ্ঠানে তাদের দুই সন্তান সিমা ও জাকারিয়ার ভরণ-পোষণের দায়িত্ব নেয়ার ঘোষণা দেন এরশাদ।
আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় প্রকাশ করে এরশাদ বলেন, যদি নির্বাচন হয় তাহলে জাতীয় পার্টি (এ) এককভাবে নির্বাচন করবে। দলের বিজয়ের সম্ভাবনাও অত্যন্ত উজ্জ্বল। সংগঠনের মিঠাপুকুর উপজেলা সভাপতি এসএম ফখর-উজ-জামান জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মসিউর রহমান রাঙ্গা, আবুল মাসুদ চৌধুরী নান্টু প্রমুখ। এরশাদ পরে বদলীপুকুর এলাকার আরডি মিল্ক ফ্যাক্টরী পরিদর্শন করেন।
