নির্দলীয় নিরপেক্ষ সরকারসহ বিভিন্ন দাবিতে আগামীকাল মঙ্গলবার রাজধানীসহ সারাদেশে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টা মানবপ্রাচীর করবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম গত শনিবার ঢাকা মহানগর বিএনপির যৌথসভা শেষে ঢাকায় মানবপ্রাচীরের রুট ঘোষণা করেন।
রাজধানীতে মহাখালী থেকে শুরু হয়ে তেজগাঁও, সাতরাস্তার মোড়, এফডিসি মোড়, মগবাজার মোড়, বেইলি রোড, কাকরাইল মসজিদ, মত্স্য ভবন মোড়, হাইকোর্ট, শিক্ষা ভবন, কার্জন হল, নগর ভবন, গুলিস্তানের গোলাপ শাহ মাজার মোড়, নর্থ সাউথ রোড, বংশাল রোড, ইংলিশ রোড, ধোলাই খাল চৌরাস্তা হয়ে ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত এই মানবপ্রাচীর হবে। আগামী মঙ্গলবারের ১৮ দলীয় জোটের দেশব্যাপী মহাপ্রাচীর সম্পর্কে তরিকুল ইসলাম বলেন, হাজার হাজার মানুষ শান্তিপূর্ণ অবস্থানের মাধ্যমে সরকারকে জানিয়ে দেবে- নির্দলীয় সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, চলমান সংকট নিরসনে বিরোধী দলকে পরামর্শ না দিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করুন। দেখবেন- সব সমস্যার সমধান হয়ে গেছে।
