ইজতেমা ময়দানের জমি দখল হয়েছে কিনা খতিয়ে দেখতে হাইকোর্টের নির্দেশ

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ২২:২২
টঙ্গীর ইজতেমা ময়দানের জমি দখল করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ৩০ জানুয়ারির মধ্যে এ বিষয়ে টঙ্গীর মেয়রকে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এক রিটের শুনানি শেষে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন। এছাড়া ইজতেমা ময়দানের জমি বেদখল হয়ে থাকলে তা কেন উচ্ছেদের এবং ওই জমি সারা বছর দখলমুক্ত রাখার নির্দেশ দেয়া হবে না –জানতে চেয়ে রুলজারি করা হয়েছে। দুই সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। প্রসঙ্গত ২০০৮ সালে ইজতেমা ময়দানের জন্য সরকার ১৪ দশমিক ৯৩৫ একর জমি বরাদ্দ দেয়। ওই ময়দানের অনেক জমি বিভিন্নভাবে বেদখল হয়ে যাচ্ছে। এই জমি দখলমুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন তাবলিগ জামায়াতের কেন্দ্রীয় শুরা কমিটির সদস্য মোহাম্মদ ইসমাইল। আদালতে আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল আল আমিন সরকার শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট উপরোক্ত নির্দেশ দেয়।