সব প্রতিশ্রুতি পূরণে সরকারের এক মেয়াদ যথেষ্ট নয় :নাসিম

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ২২:২৪
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। কারণ সংবিধান লঙ্ঘনের কোন সুযোগ নেই। প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কোন গণতান্ত্রিক সরকারের সব প্রতিশ্রুতি পূরণের জন্য এক মেয়াদ যথেষ্ট সময় নয়। যদি দেশবাসী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে আরো একবার দেশ পরিচালনার সুযোগ দেন, তবে বাংলাদেশ নিশ্চিতভাবে দক্ষিণ এশিয়ার মধ্যে সমৃদ্ধ ও শান্তিপূর্ণ একটি ভূখণ্ডে পরিণত হবে। তিনি বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে হঠকারী রাজনীতি ও যুদ্ধাপরাধী তোষণের পথ পরিহার করে নির্বাচনী প্রস্তুতি নেবার আহ্বান জানান। মোহাম্মদ নাসিম গতকাল রবিবার সকালে কাজিপুর উপজেলার শুভগাছায় কম্বল বিতরণকালে এসব কথা বলেন। পরে তিনি কাজিপুর উপজেলার মাছুয়াকান্দি, আওয়ামী লীগ কার্যালয়, সদর উপজেলার বাগবাটি, পিপুলবাড়িয়া, সীমান্তবাজারসহ বিভিন্ন স্থানে দুস্থদের মধ্যে কম্বল, বিশ্ব হিন্দু পরিষদ ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় আবু ইউসুফ সূর্য, কেএম হোসেন আলী হাসান, রেফাজউদ্দিন আহমেদ, গোলাম মোস্তফা তালুকদার মধু, জাহাঙ্গীর আলম তালুকদার, আব্দুল লতিফ তারিন ও জিয়াউর রহমান স্বাধীন উপস্থিত ছিলেন।