প্রদর্শনী

এলো যে শীতের বেলা

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৩, ১৮:৪২
উইন্টার কালেকশন—পাশ্চাত্যের মতো আমাদের দেশেও বেশ পরিচিত হয়ে উঠেছে। এই উইন্টার কালেকশন নিয়ে দেশের প্রথম সারির ফ্যাশন হাউস সাদাকালো ‘এলো যে শীতের বেলা’ প্রদর্শনীর আয়োজন করেছে। গত ৪ জানুয়ারি বিকাল ৫টায় ধানমন্ডিস্থ আলিয়ঁস ফ্রঁসেজে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সাদাকালো শীত প্রদর্শনী—এলো যে শীতের বেলা উদ্বোধন করেন শিক্ষাবিদ বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, শিল্পী সৈয়দ জাহাঙ্গীর এবং আলিয়ঁস ফ্রঁসেজের ডিরেক্টর অলিভিয়ে লিতভিন। আয়োজনের একটি বড় অংশজুড়ে ছিল শীতের নানা ধরনের পিঠা এবং খেজুরের রস। উদ্বোধনের পর অহর্নীশ দলের নির্ঝর চৌধুরী ও শান পরিবেশন করেন গিটারের সুরে বাউলের গান, যা পুরো আয়োজনে একটি ভিন্ন মাত্রা সংযোজন করে। প্রদর্শনীতে দেশের বিভিন্ন জেলার শীতের শাল প্রদর্শিত হয়। শালে ব্লক, স্ক্রিন, হাতের কাজ, কারচুপি, মেশিন এমব্রয়ডারি এবং হ্যান্ড পেইন্টের বিভিন্ন ধরনের মাধ্যম ব্যবহার করা হয়। প্রদর্শনীতে শাড়ির সঙ্গে মিলানো ডিজাইনের শালও ছিল। নিটের তৈরি নানা ধরনের শালও ছিল। ছিল ছেলে ও মেয়েদের জন্য ত্রিকোণ আকৃতির নানা ধরনের পনে্চা। প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৯টা (শুক্র ও শনিবার :সকাল ৮টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৯টা) পর্যন্ত প্রদর্শনীটি চলবে আগামী ১৭ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত।