মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড সম্প্রতি টেলিটক বাংলাদেশ লিমিটেডের সাথে অবকাঠামো ভাগাভাগির জন্য একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। রবি’র গুলশানের কর্পোরেট হেড অফিসে এ বিষয়ক চুক্তিতে সই করেন রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাইকেল ক্যুনার এবং টেলিটকের ম্যানেজিং ডিরেক্টর মুজিবুর রহমান। এই চুক্তি অনুযায়ী, আগামী দিনগুলোতে টেলিটকের সাথে অবকাঠামো ভাগাভাগি ও সহযোগিতামূলক পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা করছে রবি। অবকাঠামো ভাগাভাগির ফলে রবি ও টেলিটক দুই অপারেটরই তাদের ব্যয় কমানোর পাশাপাশি প্রতিযোগিতামূলক বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে। এ ছাড়াও দ্রুততার সাথে টেলিটকের ৩জি সেবা ছড়িয়ে দিতে এ অবকাঠামো ভাগাভাগি বিশেষভাবে সহযোগিতা করবে। অবকাঠামো ভাগাভাগির ফলে রবি ও টেলিটক এমন সব এলাকায় তাদের সেবা দিতে পারবে যেখানে এককভাবে নেটওয়ার্ক স্থাপন করায় লোকসানের ঝুঁকি রয়েছে। এ চুক্তির ফলে যোগাযোগ সেবার সহজলভ্যতা ও গ্রাহকের পছন্দ-অপছন্দের বিষয়টির গুরুত্ব পাওয়া এবং সেবার দাম কমার ফলে তারা লাভবান হবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
