কুড়িগ্রামে মালবাহী ট্রাক থেকে চাঁদা আদায় নিয়ে দুই শ্রমিক সংগঠনের দ্বন্দ্বের জের ধরে সোমবার দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে জেলা ট্রাক-ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন। ফলে ঐ সময় এ স্থান দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় বাসের যাত্রীসহ জনসাধারণ চরম দুর্ভোগে পড়েন। কুড়িগ্রাম জেলার সাথে সকল রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে অবরোধ সৃষ্টিকারী গাড়িগুলো সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
কুড়িগ্রাম জেলা ট্রাক-ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী দাবি করে জানান, সংযুক্ত ট্রাক বন্দোবস্তকারী শ্রমিক ফেডারেশনের নামে ট্রাক থেকে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছে। এরই প্রতিবাদে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের কেন্দ্রস্থল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তিন সড়কের মোড়ে এলোপাতাড়িভাবে গাড়ি রেখে সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা।
অপরদিকে দেওয়ান আলী নিজেকে ট্রাক-ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দাবি করে বলেন, তারাও রেজিস্ট্রেশনপ্রাপ্ত সংগঠন। এ কারণে রসিদ মূলে ফি উত্তোলন করছেন। কিন্তু প্রতিপক্ষ গ্রুপ দাপট দেখিয়ে রাস্তা অবরোধ করে জনদুর্ভোগের সৃষ্টি করে।
