রাজবাড়ীতে শিশুকে ধর্ষণের পর হত্যা ধর্ষক গ্রেফতার

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৩, ২০:৫৭
রবিবার সকালে রাজবাড়ী জেলা সদরের মূলঘর ইউনিয়নের গোপালপুর গ্রামের একটি জঙ্গল থেকে ধর্ষিতা এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুটি (৬) স্থানীয় গোপালপুর ব্র্যাক স্কুলের ছাত্রী। তাকে ধর্ষণ ও হত্যার অভিযোগে একই গ্রামের রইচ সেখকে (১৬) গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, ৬ মাস আগে রইচ সেখ শিশুটিকে একবার ধর্ষণ করে। সে সময় মেয়েটির বাবা রইচের বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং পুলিশ তাকে গ্রেফতার করে। ঐ মামলায় মাস ছয়েক কারাভোগ করার পর সম্প্রতি জামিনে মুক্ত হয় রইচ। এলাকায় ফিরে এসেই রইচ মেয়েটির ক্ষতি করার চেষ্টা চালিয়ে যায়। রবিবার সকালে শিশুটি স্কুল থেকে বাড়ি ফিরছিল। সে গ্রামের একটি বাঁশ বাগানের পাশে আসতেই রইচ তাকে ওই বাগানের মধ্যে ধরে নিয়ে যায় এবং ধর্ষণের পর শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে। এরপর রইচ পালিয়ে যাবার চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটকের পর পুলিশে সোপর্দ করে। রাজবাড়ী থানার এস আই ওয়াদুদ আলম বলেন, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। রইচ সেখকে গ্রেফতার করা হয়েছে। শিশুটির লাশ ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।