কুমিল্লায় যুদ্ধাপরাধীদের পক্ষে শো-ডাউনের চেষ্টা পণ্ড

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৩, ২০:৫৭
কুমিল্লায় ওয়াজ মাহফিলের নামে যুদ্ধাপরাধীদের পক্ষে জামায়াত-শিবিরের শো-ডাউনের চেষ্টা পুলিশের বাঁধার কারণে পণ্ড হয়ে যায়। এসময় পুলিশ ও জামায়াত-শিবির কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। জেলার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের কামাইরবাগ গ্রামে গতকাল রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার কামাইরবাগ গ্রামে ওয়াজ মাহফিলের নামে যুদ্ধাপরাধীদের পক্ষে জামায়াত-শিবির শো-ডাউনের প্রস্তুতি নেয়। এতে অতিথি করা হয় মাওলানা তারেক মুনাওয়ারকে। স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জামায়াত-শিবিরের ওয়াজ মাহফিলের নামে যুদ্ধাপরাধীদের পক্ষে প্রচারণার এ ধরনের শো-ডাউনকে প্রতিহত করার ঘোষণা দেয়। এ নিয়ে সংঘর্ষের আশংকায় স্থানীয় এক ব্যক্তি কুমিল্লা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট আবেদন করলে রবিবার সকাল থেকে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। রবিবার সন্ধ্যায় ঘটনাস্থলে জামায়াত-শিবিরের সাথে বিএনপির কর্মীরা যোগ দিয়ে শো-ডাউনের চেষ্টা করলে পুলিশ এতে বাঁধা দেয়। এ সময় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে কালিরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন জানান, গত ১৯ ডিসেম্বর ধনুয়াখলা মাদ্রাসার মাহফিলে মাঈনুদ্দিন সিরাজী নামে একজন মাওলানা যুদ্ধাপরাধী মামলায় অভিযুক্ত মাওলানা সাঈদীর মুক্তির দাবিতে স্লোগান দেয়। এতে মাহফিলে উপস্থিত লোকজন এর প্রতিবাদ জানায়। গত রবিবার কামাইরবাগ গ্রামেও মাহফিলের নামে যুদ্ধাপরাধীদের পক্ষে অনুরূপ প্রচারণার আশংকায় তা প্রতিহত করা হয়।