শিবালয় সদর উদ্দিন ডিগ্রী কলেজ অধ্যক্ষসহ চার শিক্ষক সন্ত্রাসী হামলায় আহত হওয়ার প্রতিবাদে গত রবিবার ছাত্র-শিক্ষক অভিভাবক ও গভর্নিং বডির সদস্যরা মানববন্ধন করেছেন। জানা গেছে, শনিবার রুহুল আমিন মিঠু, রুবেল, আজিজুল, সুমনসহ ১৮-২০ জনের একদল সন্ত্রাসী অধ্যক্ষ ড. বাসুদেব কুমার দে’র কক্ষে ঢুকে তাকে লাঞ্ছিত করে। এসময় তারা সহকারী অধ্যাপক সুফিয়া খাতুন, আনম বজলুর রশিদ, প্রভাষক ইসলাম মোল্লাকেও আহত করে। সন্ত্রাসীরা অধ্যক্ষের মোটর সাইকেল ভাংচুর শেষে অগ্নিসংযোগের চেষ্টা করে। এ ঘটনায় শিবালয় থানায় মামলা হয়েছে।
ঘটনার প্রতিবাদে কলেজের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে গভর্নিং বডির সভাপতি শিবালয় উপজেলা চেয়ারম্যান আব্দুর রহিম খান, সদস্য নূরুল হোসেন নুরা, পৃত্থিশ চক্রবর্তী, বিষ্ণুচরণ বিশ্বাসসহ আক্রান্তরা বক্তব্য রাখেন।
