বাহরাইনে অগ্নিকাণ্ড

নিহত সহোদরের কচুয়ার বাড়িতে শোকের মাতম

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৩, ২১:২৩
বাহরাইনের রাজধানী মানামায় শুক্রবার শ্রমিক ক্যাম্পে আগুন লেগে নিহত ১০ বাংলাদেশী শ্রমিকের মধ্যে রয়েছে চাঁদপুরের কচুয়ার দু’সহোদর শাহাদাত (২৭) ও টিটু (২৫) নামের দু’জন। তারা উপজেলার গোহট (দ.) ইউনিয়নের নাওপুরা বড় ফকিরবাড়ীর অধিবাসী। পিতা ক্ষুদে মুদি দোকানদার শাহলম ও মাতা গৃহিনী আমেনা বেগমের ৫ ছেলের মধ্যে শাহাদাত ও টিটু প্রথম ও ২য় সন্তান। একমাসের ছুটিতে শাহাদাতের বাড়িতে আসার কথা। তাকে বিয়ে দেয়ার জন্য কন্যা দেখছিলেন পিতামাতা। ফলে পরিবারের সদস্যরা তার আগমন প্রতীক্ষায় প্রহর গুনছিল। পুত্রবধূ ঘরে তুলে সুখী সংসার দেখার জন্য উদগ্রীব ছিল পিতামাতা। কিন্তু নিয়তি তাদের স্বপ্ন পূরণ করতে দেয়নি। শুক্রবার সন্ধ্যায় বিনামেঘে বজ্রপাতের মত সংবাদ আসে শাহাদাত ও টিটু অগ্নিকাণ্ডে নিহত হয়েছে। সংবাদ পাওয়ার সাথে সাথে পিতা-মাতা তাদের পুত্রশোকে অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর ‘বাবারা কোথায়’ বলে আবার চিত্কার শুরু করেন। অপর তিনভাই টিপু (২২), বরকতউল্লাহ (১৪) ও রবিউল শাওনের (১০) বুকফাটা কান্নায় বাতাস ভারি হয়ে ওঠে। নিহতদের পরিবারের সদস্যদের শোকের মাতমে পাড়া-প্রতিবেশীরাও পারছেন না স্থির হয়ে থাকতে। ওদেরও চোখের পানি ঝরছে অঝোরে।