ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরের আলফাডাঙ্গা বিশ্ববিদ্যালয় কলেজের কয়েকজন ছাত্রীকে ফেস বুকের মাধ্যমে উত্ত্যক্ত করার ঘটনায় ভ্রাম্যমাণ আদালত ফরিদপুর পলিটেকনিক্যাল কলেজের ২য় সেমিস্টারের ছাত্র রাছেল (১৮) নামের এক যুবককে ১ লাখ টাকা জরিমানা করেছে, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে।
জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের মিঠাপুর গ্রামের হালিম মোল্যার ছেলে ইয়াছিন (১৭), একই গ্রামের আবুল কালামের ছেলে সোহাগ (১৬) এই দু’ যুবক আলফাডাঙ্গা বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ বর্ষের ছাত্র ও আটককৃত যুবককে নিয়ে ঐশী স্টুডিও থেকে কয়েক ছাত্রীর মোবাইল নম্বর দিয়ে ফেসবুকে অশ্লীল মন্তব্য করে। ঘটনাটি এলাকায় ব্যাপক জানাজানি হলে অভিভাবকদের আবেদনের ভিত্তিতে অধ্যক্ষ মনিরুল হক সিকদার তাত্ক্ষণিকভাবে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে পুলিশ রাছেল ও ঐশী স্টুডিও’র মালিক উত্পলকে গ্রেফতার করে। গত রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাছেলকে ১ লাখ টাকা ও উত্পলকে ৫ হাজার টাকা জরিমানা করে অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন এবং অন্য দু’জনকে গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে।
