শ্বশুর বাড়িতে জামাই খুন

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৩, ২১:৩৪
রায়গঞ্জে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে রবিবার উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের চর ব্রহ্মগাছা গ্রামে দারোগ আলীর বাড়িতে শাহ জামাল (৪৫) খুন হয়। সে বগুড়া জেলার ধুনট উপজেলার গোপালপুর ইউনিয়নের কোনাবাড়ি গ্রামের মৃত আছাব উদ্দিনের পুত্র। শাহ জামালের স্ত্রী সোনেকা বেগম (৩৮) স্বামীর উপর অভিমান করে কয়েক মাস আগে ১ ছেলে-জুড়ান (১৫), ২ মেয়ে-ফাতেমা (৭) ও সাথী (৪) সহ পিতা দারোগ আলীর বাড়িতে আশ্রয় নেয়। পরে পিতার পরামর্শে সোনেকা সিরাজগঞ্জ কোর্টে স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করে। মামলায় কারাভোগের পর রবিবার সকালে শাহ জামাল স্ত্রী ও সন্তানদের আনতে শ্বশুরালয়ে যায়। এসময় বাক-বিতন্ডার এক পর্যায়ে শাহ জামালের শ্বশুর দারোগ আলী, বড় শ্যালক সোহরাব আলী, ভায়রা রোকন উদ্দিন ও মামা শ্বশুর আলামনি তাকে বেধড়ক মারপিট করে। তারা শাহ জামালের কোমরে দড়ি পেঁচিয়ে বাড়ির আঙ্গিনায় গাছের সাথে বেঁধে পাশবিক কায়দায় টানা হিছড়া করলে সে সংজ্ঞা হারায়। এক পর্যায়ে শাহজামাল মৃত্যুর কোলে ঢলে পড়ে। পুলিশ বিকালে ঘটনাস্থলে গিয়ে স্ত্রী সনেকা বেগমকে গ্রেফতার করে। এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ব্যাপারে নিহতের মা মিষ্ট বেওয়া বাদী হয়ে ৮জনকে আসামী করে রায়গঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।