সেবিকার অবহেলায় রোগির মৃত্যু হয়েছে এমন অভিযোগ এনে মেহেরপুর জেনারেল হাসপাতালের ২ সেবিকাকে লাঞ্ছিত করে রোগীর স্বজনরা। এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার মেহেরপুর জেনারেল হাসপাতালের সেবিকাদের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মেহেরপুর বিএমএ, স্বাচিপ, বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ মেহেরপুর জেলা প্রশাসন চত্বরে প্রথমে মানববন্ধন করে ও পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক দেলওয়ার হোসেন স্মারকলিপি গ্রহণ করেন। এসময় অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডা. আবদুস শহীদ, স্বাচিপ’র সভাপতি ডা. এম এ বাশার, সম্পাদক ডা. তাপস কুমার, মেহেরপুর জেনারেল হাসপাতালের সুপার ডা. নজরুল ইসলাম, বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি হাসিনা বানু প্রমুখ উপস্থিত ছিলেন।
