সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৩, ২১:৪১
রাবির হলে ছাত্রলীগ নেতা প্রহূত রাবি সংবাদদাতা \ আবাসিক হলে মেয়ে অতিথি প্রবেশে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতা বান্ধবী নিয়ে জন্মদিন পালন করাকে কেন্দ্র করে মারধর করে আহত করেছে অপর একদল ছাত্রলীগ কর্মী। রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত ওই ছাত্রলীগ নেতার নাম মুজাহিদুল ইসলাম হিমু। তিনি বিশ্ববিদ্যালয়ের শের-ই বাংলা হলের যুগ্ম সাধারণ সম্পাদক। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোপালগঞ্জে মত্স্য চাষিদের মাঠ দিবস গোপালগঞ্জ সংবাদদাতা \ গোপালগঞ্জে মত্স্য সম্পদের উন্নয়নে ও উত্পাদন বৃদ্ধিতে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ফিস সেন্টার মত্স্য চাষিদের নিয়ে মাঠ দিবস করেছে। রবিবার টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুরে ইউএসএইড-এর সহযোগিতায় ফিড দ্যা ফিউচার একুয়াকালচার প্রজেক্ট আয়োজিত এ মাঠ দিবসে সভাপতিত্ব করে গোপালপুর ইউপি চেয়ারম্যান লাল বাহাদুর বিশ্বাস। মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ড মুন্সীগঞ্জ প্রতিনিধি \ রবিবার সদর উপজেলার ছোট কাটাখালী গ্রামে অগ্নিকাণ্ডে শামসুদ্দিন শেখের ৩টি ঘর ভস্মীভূত হয়েছে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূরুল আলম দুলাল জানান, প্রায় আধঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। আগুনে ক্ষতিগ্রস্ত শামসুদ্দিন শেখ জানান, ৩টি ঘর পুড়ে তার অন্তত ৫ লাখ টাকার সম্পদ বিনষ্ট হয়েছে। সখীপুরের পাঠাগারে আলোচনা সভা সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ নাট্যকার ড. সেলিম আলদীনের ৫ম মৃত্যুবার্ষিকীতে সখীপুর কচুয়ায় ‘সেলিম আলদীন পাঠাগার’-এর উদ্যোগে গতকাল সোমবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লিটল ফ্লাওয়ার প্রি-ক্যাডেট স্কুলে বীর মুক্তিযোদ্ধা ও সেলিম আলদীন পাঠাগারের প্রতিষ্ঠাতা উপদেষ্টা আবদুল হালিম মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পাঠাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের সখীপুর সংবাদদাতা মামুন হায়দার। কামারখালীতে মহিলা পরিষদের মতবিনিময় মধুখালী (ফরিদপুর)সংবাদদাতা \ রবিবার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন পরিষদের হলরুমে বাংলাদেশ মহিলা পরিষদ, মধুখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে নারীর সচেতনতা বৃদ্ধিতে নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মেলান্দহ ক্রীড়া সংস্থার নতুন কমিটি মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা ১৪ জানুয়ারি জামালপুরের মেলান্দহে নবগঠিত ক্রীড়া সংস্থার পরিচিতি সভা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব কিসমত পাশা, ডা. ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল, সাধারণ সম্পাদক আতাউর রহমান মানিক, যুগ্ম সম্পাদক একেএম নাছিমুল করিম মামুন। কালীগঞ্জে বিদ্যুত্স্পৃষ্টে যুবকের মৃত্যু কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা \ লালমনিরহাটের কালীগঞ্জে সেচপাম্পের সংযোগ দিতে গিয়ে আব্দুল খালেক (২৪) নামে এক যুবক নিহত হয়। রবিবার সন্ধ্যায় উপজেলার গুড়াতিপাড়া গ্রামের হোসেন আলী মুনসির ছেলে আব্দুল খালেক সেচপাম্প চালানোর জন্য মটর চালু করার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়। তাকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করে। ছাতকে শিল্পকলা একাডেমির কমিটি গঠন ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা \ বাংলাদেশ শিল্পকলা একাডেমি ছাতক উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রবিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আইনুর আক্তার পান্নার সভাপতিত্বে ১০ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আইনুর আক্তার পান্নাকে সভাপতি, সহকারি কমিশনার (ভূমি) গোলাম মঈন উদ্দিন হাসানকে সাধারণ সম্পাদক করা হয়। কিশোরগঞ্জে ছাত্রদলের সম্মেলন কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা \ জাতীয়তাবাদী ছাত্রদল নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা শাখার কমিটিতে নজরুল ইসলাম দুলুকে সভাপতি, ইবনে সিনা সুজনকে সাধারণ সম্পাদক এবং রাশেদ নিজামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত ছাত্রদলের কমিটি গঠন করা হয়। মাদারগঞ্জে আওয়ামী লীগে যোগদান মাদারগঞ্জ সংবাদদাতা \ মাদারগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য আতাউর রহমানের নেতৃত্বে চর পাকেরদহ ইউনিয়নের চরনগর গ্রামের প্রায় অর্ধ-শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। তাদেরকে ফুলের মালা দিয়ে গ্রহণ করে নেন জাতীয় সংসদের হুইপ মির্জা আজম এমপি। পঞ্চগড়ে সমাবেশ ও মানববন্ধন পঞ্চগড় প্রতিনিধি \ স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে গণতান্ত্রিক নীতি প্রণয়নের দাবিতে পঞ্চগড়ে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে গভর্নেন্স এডভোকেসী ফোরাম। সকালে রবিবার শহরের চৌরঙ্গী মোড়ে তারা এই কর্মসূচি পালন করে। সমাবেশে বক্তব্য রাখেন মানব কল্যাণ পরিষদ-এমকেপি’র প্রকল্প ব্যবস্থাপক মৌসুমী রহমান, কো-অর্ডিনেটর ছাদেকুল ইসলাম, পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু তাহের। নড়াইলে আদিবাসীদের অর্থ প্রদান নড়াইল প্রতিনিধি \ নড়াইলে আদিবাসীদের মাঝে গৃহনির্মাণ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। রবিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল ইউনিটের আয়োজনে জেলা পরিষদের মিলনায়তনে গৃহনির্মাণ সামগ্রী ও অর্থ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকির আব্দুল আলিম। বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আলহাজ্ব প্রফেসর ডাঃ এমএস আকবর এমপি। নালিতাবাড়ীতে নাগরিক কমিটির মানববন্ধন নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা \ টাঙ্গাইলে স্কুলছাত্রী, ঢাকা, নরসিংদী ও চট্টগ্রামে আদিবাসীসহ সারাদেশে নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে নালিতাবাড়ীর সচেতন নাগরিক কমিটি মানববন্ধন ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে সহিংস ঘটনার প্রতিবাদ জানিয়েছে। রবিবার নালিতাবাড়ী শহরের শহীদ মিনার উত্তর গেইটে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির সহযোগিতায় সুধীজনদের নিয়ে এই প্রতিবাদ অনুষ্ঠানের আয়োজন করে সচেতন নাগরিক কমিটি। বেলকুচিতে ছয় বাড়িতে ডাকাতি বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কান্দাপাড়া গ্রাম শনিবার রাতে ৬ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ২০/২৫ জনের ডাকাতদল ডাঃ অরুন কুমার সরকার, রবীন্দ্রনাথ সরকার, রামপদ সরকার, হরিতোষ সরকার, অনীল কুমার সরকার ও জীবন সরকারের বাড়িতে ঢুকে হামলা চালিয়ে অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে প্রায় ৪০ ভরি স্বর্ণের গহনা, নগদ টাকা, ১৫টি মোবাইল সেটসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে বেলকুচি থানায় মামলা হয়েছে। ছাতক সিমেন্ট কারখানায় শ্রমিকলীগের সভা ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা \ জাতীয় শ্রমিক লীগ ছাতক সিমেন্ট কারখানা শাখার উদ্যোগে আলোচনা সভা কারখানাস্থ শ্রমিক লীগের কার্যালয়ে রবিবার অনুষ্ঠিত হয়। শ্রমিক লীগ কারখানা শাখার সহ-সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রমিক লীগ নেতা এনামুল হক, কুমারেশ চন্দ্র, খলিলুর রহমান প্রমুখ। সভায় বক্তারা বলেন, দুর্নীতির দায়ে অভিযুক্ত ছাতক সিমেন্ট কারখানার এমডি আলী আক্কাছকে ১০ জানুয়ারি স্ট্যান্ড রিলিজ করা হলেও অদ্যাবধি আলী আক্কাছ কারখানায় অবস্থান করে বিভিন্ন ফাইলপত্রে স্বাক্ষর করে যাচ্ছেন। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতির নির্বাচন উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ সিরাজগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতির পরিচালক নির্বাচনে রফিক উদ্দিন নির্বাচিত হয়েছেন। রবিবার উল্লাপাড়া ডিগ্রী কলেজ ভোট কেন্দ্রে সমিতির ৬নং এলাকার পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে অধ্যাপক রফিকুল উদ্দিন ১ হাজার ৬ শত ২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী প্রতিদ্বন্দ্বী সৈয়দ মোস্তফা কামাল (সোহেল) পেয়েছেন ৬ শত ১৮ ভোট। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার। নির্বাচনে ১৯ হাজার ভোটারের মধ্যে ভোট প্রয়োগ করেছেন মাত্র ২ হাজার ২শ’ ৬২ জন। কাঁঠালিয়ায় মতবিনিময় সভা কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ঝালকাঠি নবাগত জেলা প্রশাসকের এক মতবিনিময় সভা রবিবার কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির নবাগত জেলা প্রশাসক মোঃ সাখাওয়াত হোসেন। ফেনীতে কয়েদির মৃত্যু পরশুরাম সংবাদদাতা \ ফেনী জেলা কারাগারে ফজলুল করিম নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। ফেনী জেলা কারাগার সূত্র জানায়, ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লস্করহাট লক্ষ্মীপুর গ্রামে মৃত মজল হকের ছেলে ফজলুল করিম (৩৮) ২০১২ সালের ১৬ নভেম্বর তারিখে মাদকের মামলায় তাকে আটক করে আদালতের মাধ্যমে ফেনী জেলা কারাগারে পাঠায়। সোমবার সকালে জেলা কারাগারে সে মারা যায়। দেওয়ানগঞ্জে ডাকাত সরদার গ্রেফতার জামালপুর প্রতিনিধি \ জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় আন্তঃজেলা ডাকাত সরদার বাদশাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে বাদশা দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া পুড়াভিটা এলাকায় গরু ডাকাতি করতে গেলে স্থানীয় জনতা তাকে আটক করে। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে দেওয়ানগঞ্জ থানা পুলিশ তারাটিয়া থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। বিশ্বনাথে আর্সেনিক রোগ নির্ণয়ে ওয়ার্কসপ বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা \ সিলেটের বিশ্বনাথে সোমবার আর্সেনিকোসিস রোগ নির্ণয় ও ব্যবস্থাপনার উপর একদিনের অবহিতকরণ ওয়ার্কসপ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামনি চাকমা। নওগাঁয় মোটর সাইকেল ছিনতাই নওগাঁঁ প্রতিনিধি \ একদল সশস্ত্র ছিনতাইকারী রবিবার রাতে নওগাঁর সরাইগাছী-আড্ডা সড়কের তাঁইতোড় নামক স্থানে পোরশা উপজেলা আওয়ামী লীগের নেতা আব্দুস সবুরের পথরোধ করে তার মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে যায়। স্বরূপকাঠিতে গোলটেবিল বৈঠক স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা \ বেসরকারি মানবাধিকার সংস্থা নাগরিক উদ্যোগের আয়োজনে সোমবার স্বরূপকাঠিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ বাস্তবায়নে বর্তমান অবস্থা ও অন্তরায় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান এসএম মুইদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মোসা. জাহানারা বেগম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল। নোয়াখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রেতার জরিমানা নোয়াখালী প্রতিনিধি \ বিভিন্ন কোম্পানীর মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে জেলা শহর মাইজদীর পৌর বাজারের রহিমা ফার্মেসী মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও সর্তক করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক। সোমবার শহরের বিভিন্ন ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালত অভিযানকালে রহিমা ফার্মেসী থেকে দুইশ’ ৫০ প্যাকেট মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ক্যাপসুল, ট্যাবলেট ও ইনজেকশন জব্দ করে।