বাহরাইনে আগুনে আরো দুই বাংলাদেশির মৃত্যু

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৩, ২২:০৪
বাহরাইনের রাজধানী মানামায় অগ্নিকাণ্ডে মৃত বাংলাদেশির সংখ্যা ১৩ জনে দাঁড়িয়েছে। গত শুক্রবার মানামার মুখারকা এলাকার তিনতলা একটি ভবনে সংঘটিত ঐ অগ্নিকাণ্ডে আহত দুই বাংলাদেশি শ্রমিক গতকাল সোমবার মারা যান। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে দুইজনের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তিনি হলেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জয়নাল আবেদিনের ছেলে মফিজুল ইসলাম। এর আগে গত শনিবার পর্যন্ত ১৩ জন প্রবাসী কর্মী এ অগ্নিকাণ্ডে মারা যান। এদের মধ্যে ১১ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা সবাই বাংলাদেশি। বাহরাইনের বাংলাদেশ দূতাবাসসূত্র জানায়, মৃতদের মরদেহ বাহরাইনের বাদশা হামাদ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এর আগে গত বছরের ২৭ মে বাহরাইনের পূর্ব রিফা এলাকার একটি ভবনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে দম বন্ধ হয়ে ১০ বাংলাদেশি মারা যান। গত রবিবার পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি জানান, বাহরাইনে নিহত বাংলাদেশির মরদেহ সাত থেকে ১০ দিনের মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে।