যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করতে কানাডায় সমাবেশ

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৩, ২২:০৫
কানাডা প্রবাসী নাগরিক সমাবেশে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন এবং আপিলের নামে আইনি প্রক্রিয়ার কোন দুর্বলতার সুযোগে আসামিরা যেন পার পেয়ে না যায়, সে ব্যাপারে দৃঢ় পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে। রবিবার ডেনফোর্থের বাংলাদেশ সেন্টারে আয়োজিত ‘দেশপ্রেমিক নাগরিক সমাবেশে’ এই দাবি জানানো হয়। সমাবেশে সারাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর জামায়াত শিবিরের সশস্ত্র হামলা এবং দেশে-বিদেশে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানানো হয়। সাবেক ছাত্রনেতা মাহবুব আলমের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন ডাকসুর সাবেক এজিএস নাসির উদ দোজা, প্রকৌশলী মনিরুল ইসলাম, শহীদ মুনির চৌধুরীর পুত্রবধূ মঞ্জুলী কাজী, চাকসুর সাবেক জিএস আজিম উদ্দিন আহমেদ, সাবেক ছাত্রনেতা সৌমেন সাহা, ঘাতক দালাল নির্মূল কমিটির কানাডার সভাপতি শেখর ই গোমেজ, উদীচীর বিদ্যুত্ রঞ্জন দে ও সুমন সাইয়েদ, সাংবাদিক শওগাত আলী সাগর, আওয়ামী লীগ নেতা সৈয়দ আ:গফ্ফার ও হাসিনা আক্তার জানু প্রমুখ। দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক লোক সমাবেশে যোগ দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। -প্রেস বিজ্ঞপ্তি।