সরকার ভারতের নিয়ন্ত্রণে চলছে

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৩, ২২:০৮
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকার মুখে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ করে, কিন্তু দুর্বল আওয়াজের কারণে জাতীয় স্বার্থে জোরালো ভূমিকা রাখতে পারে না। ভারত জানে, বাংলাদেশের বর্তমান সরকার তাদের নিয়ন্ত্রণে চলে। এ জন্য তারা সরকারকে মূল্য দেয় না। গতকাল সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মওদুদ এসব কথা বলেন। ‘সীমান্তে বাংলাদেশি হত্যা, নতজানু পররাষ্ট্রনীতির প্রতিবাদ ও ৭ জানুয়ারি ফেলানী দিবস ঘোষণার দাবিতে এই সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম নামের একটি সংগঠন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামা ওবায়েদ। মওদুদ বলেন, আমি ভারতকে দোষ দিই না। কারণ, ভারতের সঙ্গে দর-কষাকষি না করেই সরকার তাদের সব দিয়ে দিয়েছে। ব্যক্তিগতভাবে আমি জানি, আওয়ামী লীগের অনেক নেতা এই ব্যাপারে হতাশ। তারা জানে, সরকার ভুল করেছে। বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে তিনি বলেন, ট্রানজিটের নামে সরকারকে এক বিলিয়ন ডলার ঋণ দিয়েছে ভারত। বিএনপি ক্ষমতায় থাকলে এত কঠিন শর্ত দিয়ে আমরা এই ঋণের টাকা গ্রহণ করতাম না। কারণ, শর্তগুলো দেশের জন্য খুবই অপমানজনক। মওদুদ অভিযোগ করে বলেন, বিশ্বব্যাংকের তুলনায় ভারতের দেয়া ঋণে সুদের হার প্রায় পাঁচ গুণ বেশি। আরো দুঃখজনক হলো, ট্রানজিটের রাস্তা প্রকল্প বাস্তবায়ন হবে বাংলাদেশে, আর অনুমোদন আনতে হবে ভারত থেকে। দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও সাবেক বিডিআরের সক্ষমতার বিষয়ে তিনি বলেন, সরকারের পররাষ্ট্রনীতি দুর্বল। বিডিআর হত্যাকাণ্ড দেশকে আরো দুর্বল করেছে। বিডিআর থাকলে ভারত এভাবে সীমান্তে বাংলাদেশিদের হত্যা করতে পারত না। তারা ভয় পেত। মওদুদ বলেন, সরকারের নীতি ও ঐতিহ্য বিনষ্ট করে নতুন পোশাকে গঠন করা বিজিবি দেশের সীমান্ত রক্ষায় সক্ষম নয়। ভারতীয় বাহিনী তাদের ভয় পায় না।