গাজীপুরে ট্রাক উল্টে ৯ দিনমজুর নিহত

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৩, ২২:০৯
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় গতকাল সোমবার ১৮ জন নিহত হয়েছে। তন্মধ্যে গাজীপুরের কালীগঞ্জে সারবোঝাই একটি ট্রাক উল্টে গেলে ৯ জন দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাইলে বাস-ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত হয়। বরিশাল-ঢাকা মহাসড়কের বিমানবন্দর থানা এলাকায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় এক শিশু ও এক মহিলা প্রাণ হারান। ব্রাহ্মণবড়িয়ার আশুগঞ্জে ও বিজয়নগরে দুইটি পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। এসব খবর পাঠিয়েছেন আমাদের অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাগণ। গাজীপুর : গতকাল সোমবার ভোররাতে গাজীপুরের কালীগঞ্জে সারবোঝাই ট্রাক উল্টে ৮ দিনমজুরের মর্মান্তিক মৃত্যু ও ৩ জন আহত হয়েছে। আহতদের একজন পরে হাসপাতালে মারা যায়। নিহতদের মধ্যে ৭ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হচ্ছে: গাইবান্ধার ক্ষুদ্র মালিবাড়ির জ্ঞান লাসিকের ছেলে এজাহার নবী (৪০), একই এলাকার মমতাজ মিয়ার ছেলে সাদা মিয়া (৪০), নীলফামারীর কিশোরগঞ্জের বেরবেরি গ্রামের জব্বার মিয়ার ছেলে একরামুল (৩৮), একই জেলার চরচরাবাড়ি গ্রামের আজিজুর রহমানের ছেলে শাহীনূর রহমান (৪৫), রংপুরের মিঠাপুকুর থানার মনতাজ মিয়ার ছেলে বাবুল মিয়া (৩০), একই এলাকার আনসার আলীর ছেলে শাহীন (৩৫) ও চেয়ারপাড়া গ্রামের গয়েশ উদ্দিনের ছেলে ওয়াহেদ আলী (৪৫)। একই স্থানে অপর দুর্ঘটনায় কালীগঞ্জের পাতারটেকের বীরন্দ্রেনাথ মারা যায়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে জিপসাম সারবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৪৬৫৫) রাজশাহী যাচ্ছিল। ট্রাকে সারের বস্তার উপর দিনমজুর শ্রেণীর ১২ জন যাত্রী ছিল। যারা চট্টগ্রামসহ বিভিন্ন স্থান থেকে বাড়ি যাচ্ছিল। ভোর চারটার দিকে ঢাকা-বাইপাস সড়কের কালীগঞ্জ উলুখোলা ব্রিজের মাঝখান রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকের উপরে থাকা সব যাত্রী সারের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এতে তিনজন আহত হয়। আহতদের মধ্যে আ. আজিজসহ দুইজনকে টঙ্গী সরকারি হাসপাতালে ও একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুয়াপুরে ৪ জন নিহত ভুয়াপুর (টাঙ্গাইল) :ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল নামক স্থানে গতকাল দুপুর আড়াইটার দিকে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। নিহতরা হলেন:ভুয়াপুর উপজেলার পলশিয়া গ্রামের কেরামত আলীর ছেলে নুরুজ্জামান (৬০), কালিহাতীর শুকুর আলী (৫০), গনি মিয়া (৪৫) ও অজ্ঞাত (৩০)। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালুল ইসলাম জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল নামক স্থানে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতু পূর্বগামী একটি যাত্রাবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে ভুয়াপুর থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী বালুভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের ৩ যাত্রী নিহত ও হাসপাতালে নেয়ার পর আহতদের মধ্যে আরো একজন মারা গেছে। এ ঘটনায় উভয় গাড়ির ১০ জন আহত হয়। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশালে ২ জন নিহত বরিশাল অফিস : বরিশাল-ঢাকা মহাসড়কের বিমানবন্দর থানা এলাকায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় শিশু রায়হান ও নিলুফা বেগম নামের এক মহিলা নিহত হয়েছে। বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনার পর সড়ক অবরোধ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বরিশাল-ঢাকা মহাসড়কের বিমানবন্দর থানার রহমতপুর পল্লী বিদ্যুতের অফিসের সামনে দিয়ে গতকাল সকাল ১০টায় নিলুফা বেগম (৪৫) রাস্তা পারাপারের সময় মাইক্রোবাস চাপা দিলে ঘটনাস্থলেই নিলুফা বেগমের মৃত্যু হয়। সকাল সাড়ে ১১টায় বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুরের রেইন্ট্রিতলা নামক স্থানে রায়হান (৫) নামের এক শিশু সড়ক পারাপারের সময় ইলিশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করার পর বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিশুটি সেখানে চলমান আনন্দমেলার হাতি দেখতে এসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয় বলে স্থানীয়রা জানান। নিহত শিশু রায়হানের বাড়ি মেহেন্দিগঞ্জ থানার তেঁতুলিয়া গ্রামে। ব্রাহ্মণবাড়িয়ায় ২ জন নিহত সরাইল (ব্রা??হ্মণবাড়িয়া) : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রা?হ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও বিজয়নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৪ জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বরে গতকাল ভোরে মালবাহী ট্রাক একটি রিকশাকে ধাক্কা দিলে শামীম মিয়া (২৮) নামের রিকশাচালক ঘটনাস্থলেই মারা যায়। শামীম মিয়া সরাইল উপজেলার দেওড়া গ্রামের বাসিন্দা। গতকাল সকাল ৯টার দিকে একই মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুরা এলাকায় যাত্রীবাহী বাস ও যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোকিশাটি দুমড়ে- মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় অটোরিকশার যাত্রী মারফত আলী (৪০)। সে বিজয়নগর উপজেলার ধরন্তি গ্রামের বাসিন্দা। ত্রিশালে স্কুলছাত্র নিহত ত্রিশাল (ময়মনসিহংহ) : ঘটনাস্থল, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়,গত রবিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাগান নামক স্থানে ইসলাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় বাগান ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র মিনহাজের (১৫) মৃত্যু হয় । এ ঘটনায় তার সহপাঠীরা ক্ষুব্ধ হয়ে ঘটনার জন্য দায়ী বাস চালককে গ্রেফতার ও বিচারের দাবিতে গতকাল সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাগান নামক স্থানে টায়ার জ্বালিয়ে দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ইসলাম পরিবহনের একটি বাস ভাংচুর করে। পুলিশ অবরোধকারীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার, ত্রিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার শাহজাহান কবীর ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ঘাতক চালকের বিচারের ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়।