নির্দলীয় নিরপেক্ষ সরকারসহ বিভিন্ন দাবিতে আজ মঙ্গলবার রাজধানীসহ সারাদেশে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টা মানবপ্রাচীর করবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে গিয়ে নেতা-কর্মীদের উজ্জীবিত করবেন। বিএনপি সূত্র জানায়, তিনি গুলশানের বাসা থেকে বের হবেন বেলা ১১ টায়। তারপর মহাখালী-তেজগাঁও-মগবাজার- হাইকোর্ট-গুলিস্তান হয়ে পুরান ঢাকার আদালতপাড়ায় যাওয়ার কথা রয়েছে তার। তিনি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজিরা দিবেন। খালেদা জিয়ার সঙ্গে দলের সমন্বয়ক তরিকুল ইসলাম ও দলের ভাইস-চেয়ারম্যান সেলিমা রহমানের থাকার কথা রয়েছে।
এছাড়া মানবপ্রাচীরে ১৭ টি পয়েন্টে নেতৃত্ব দেবেন ১৮ দলীয় জোটের সিনিয়র নেতারা। ঢাকায় মানবপ্রাচীরের রুট হচ্ছে : মহাখালী থেকে শুরু হয়ে তেজগাঁও, সাত রাস্তার মোড়, এফডিসি মোড়, মগবাজার মোড়, বেইলি রোড, কাকরাইল মসজিদ, মত্স্যভবন মোড়, হাইকোর্ট, শিক্ষাভবন, কার্জন হল, নগর ভবন, গুলিস্তানের গোলাপ শাহ মাজার মোড়, নর্থ সাউথ রোড, বংশাল রোড, ইংলিশ রোড, ধোলাই খাল চৌরাস্তা হয়ে ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত।
এই মানব প্রাচীর কর্মসূচি সফল করতে বিএনপি-জোট ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এ কর্মসূচিতে মহাখালীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.) আসম হান্নান শাহ, তেজগাঁওয়ে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মত্স্যভবন এলাকায় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মগবাজারে স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার ও ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, হাইকোর্ট এলাকায় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, গুলিস্তান এলাকায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, রায় সাহেব বাজার মোড়ে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং ফার্মগেট এলাকায় ভাইস-চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ মানবপ্রাচীরের নেতৃত্ব দেবেন।
