কাশ্মীর সীমান্তে ৬ জানুয়ারি থেকে ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি গুলিবর্ষণ ও চার সৈন্যের মৃত্যুর পর গতকাল সোমবার দুপুরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের পুঞ্চ জেলায় দুই দেশের কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৩৫ মিনিটব্যাপী বৈঠকে পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে উল্লেখ করে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। অন্যদিকে পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে ভারতের প্রতি আহ্বান করে জানিয়েছে। এদিকে পাকিস্তানের হামলার কড়া জবাব দিতে ভারতের সেনা প্রধান তার সেনাদের নির্দেশ দিয়েছেন। খবর বিবিসি, এএফপি, ডন ও এনডিটিভির।
গত সপ্তাহে নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সেনার মধ্যে তিন বার হামলা-পাল্টা হামলার অভিযোগ ওঠার পরেই এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হলো। ভারত-পাকিস্তানের ‘নিয়মিত’ এ বৈঠক ১৬ জানুয়ারি হওয়ার কথা ছিল। বিএসএফের বরাত দিয়ে ভারতীয় সংবাদ জানায়, এই বৈঠক স্থগিত করেছে পাকিস্তান। পতাকা বৈঠক নিয়ে সম্মত হওয়ার পরও রবিবার পাকিস্তান থেকে পুঞ্চ জেলার নাঙ্গিতিক্রি নিরাপত্তা চৌকিতে গুলি ছোঁড়া হয়েছে বলে দাবি করেছে ভারতের সেনাবাহিনী। ভারতের সেনাবাহিনীও গুলি ছুঁড়ে জবাব দিয়েছে।
মঙ্গলবার ভারতের দুই সেনার শিরশ্ছেদ করার তীব্র প্রতিবাদ জানানো হয় পতাকা বৈঠকে এবং এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সে হুঁশিয়ারি দিয়েছে ভারত। কাশ্মীর সীমান্তে পাকিস্তানী সৈন্যদের যে কোনো ধরনের হামলার কড়া জবাব দিতে সোমবার ভারতীয় সৈন্যদের নির্দেশ দিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল বিক্রম সিং। গতকাল পতাকা বৈঠকের আগে জেনারেল বিক্রম সিং সাংবাদিকদের বলেন, প্রতিপক্ষ যতদিন যুদ্ধবিরতি মেনে চলবে আমরাও ততদিন তা মেনে চলব। নির্দেশটি খুবই পরিষ্কার। আমার ইউনিটের সৈন্যরা পাকিস্তানী সৈন্যদের উস্কানিমূলক গুলির পাল্টা জবাব দেবে।
ভারত বলেছে যে, ৮ জানুয়ারি পাকিস্তানী সৈন্যরা এক ভারতীয় সৈন্যের মাথা কেটে নিয়ে যায়। এছাড়া তারা অপর একজনকে হত্যা করেছে। বিক্রম সিং বলেন, পরিকল্পিতভাবে সীমান্তে গুলি চালিয়ে দুই ভারতীয় সেনাকে হত্যা করেছে পাকিস্তান। ভারতীয় সৈন্যদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা অমার্জনীয় অপরাধ। নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা পাকিস্তানী সেনাবাহিনীর কাছে ওই সৈন্যের খণ্ডিত মস্তক ফেরত চাই। আমরা পাকিস্তানীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পাশাপাশি যোগাযোগের সর্বোত্তম উপায় খুঁজছি। পাকিস্তান ভারতে সন্ত্রাসী পাঠাচ্ছে বলে অভিযোগ করেন বিক্রম সিং। এদিকে নিহত ল্যান্স লায়েক হেমরাজের খণ্ডিত মস্তক ফেরত পাবার দাবিতে তার পরিবার অনশন করছে।
