আগামী নির্বাচন নিয়ে সংশয় দেখা দিয়েছে

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৩, ২২:১০
জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, যেখানেই যাই সেখানেই শুনতে পাই দুই দলকে অনেক দেখলাম, আর নয়। মহাজোট সরকারের আমলে জনগণ কিছুই পায়নি। গতকাল সোমবার দুপুরে বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের চিকলী নদীর মোস্তফাপুর ঘাটে বেইলী ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সমাবেশে এবং দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য আনিছুল ইসলাম মণ্ডল সমাবেশে সভাপতিত্ব করেন। নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে এরশাদ বলেন, নির্বাচন যথাসময়ে এ সরকারের অধীনে অনুষ্ঠিত করা সম্ভব নয়। কারণ তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে সরকার এখন পর্যন্ত মুখ খুলেননি। কী পদ্ধতিতে আগামীতে নির্বাচন হবে সে সম্পর্কে সুস্পষ্ট কোনো ধারণা পাননি জনগণ। ফলে আগামী নির্বাচন নিয়ে সংশয় দেখা দিয়েছে। এরশাদ উপস্থিত লোকজনের উদ্দেশে বলেন, আগামী নির্বাচনে এই আসনে যেই প্রার্থীই দাঁড়াক না কেন লাঙলের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করবেন। এ সময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য এবং রংপুর জেলা ও মহানগর সভাপতি সাবেক এমপি আলহাজ্ব মশিউর রহমান রাঙ্গা, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব বিশিষ্ট শিল্পপতি এসএম ফখর-উজ-জামান জাহাঙ্গীর, পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব শওকত চৌধুরী, জেলা সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু, রংপুর মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাহ উদ্দিন আহমেদ, যুব সংহতির জেলা সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান নাজিম, জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আশরাফুল হক জবা, মহানগর সাধারণ সম্পাদক সোবহান মজিদ বিদ্যুত্ ও স্বেচ্ছাসেবক পার্টি সভাপতি শামীম আহমেদ, সাধারণ সমপাদক মনসুর আলী প্রমুখ।