প্রতিভা পাতিলের সর্বশেষ বিদেশ সফরে খরচ ১৮ কোটি রুপি

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৩, ২২:১১
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের সর্বশেষ বিদেশ সফর নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। বলা হচ্ছে, রাষ্ট্রপতি থাকা অবস্থায় এই সফরে তিনি ১৮ কোটি ৮ লাখ রুপি খরচ করেছেন। ভারতের তথ্য অধিকার আইনের আওতায় আনুষ্ঠানিকভাবে এ তথ্য বেরিয়ে এসেছে বলে এনডিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়েছে। গত বছরের ২৯ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত দুই দেশ দক্ষিণ আফ্রিকা ও সিসিলি সফরের জন্য এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৪৭-৪০০ জাম্বো বিমান ভাড়া করা হয়। এয়ার ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, এ বিমানের ভাড়া হিসেবে দিতে হয়েছে ১৬ কোটি ৩৮ লাখ রুপি। দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়াতে তিনি ব্যয় করেছেন ১ কোটি ৪৬ লাখ রুপি। এর মধ্যে ৭১ লাখ ৮২ হাজার রুপি ব্যয় হয়েছে থাকার জন্য। যাতায়াত বাবদ ৫২ লাখ ৩৩ হাজার এবং বিবিধ খরচ হিসেবে দেখানো হয়েছে ২২ লাখ ১২ হাজার রুপি। তিনি ডারবানে ব্যয় করেছেন, ২৩ লাখ ৫৫ হাজার রুপি। এর মধ্যে একা প্রতিভা পাতিলের হোটেলে থাকার জন্য ১৮ লাখ ও যাতায়াতে ৫ লাখ ২৭ হাজার রুপি খরচ হয়েছে। প্রিটোরিয়া ও ডারবানস্থ ভারতীয় দূতাবাস এ তথ্য জানিয়েছে। গত বছরের ২৫ জুলাই পর্যন্ত পাঁচ বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন প্রতিভা পাতিল। এই মেয়াদে ১২টি বিদেশ সফরে তিনি চারটি মহাদেশের ২২টি দেশে যান। এতে তিনি মোট ব্যয় করেন ২০৫ কোটি রুপি। গত বছর এ খবর প্রকাশের পর সমালোচনা শুরু হয়। রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে বলা হয়েছে, দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধিতে এ সফর প্রয়োজন ছিলো।