বরিশালে ভাইকে আটকে রেখে বোনকে গণধর্ষণ গ্রেফতার দুই

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৩, ২২:১২
নগরীর কীর্তনখোলা নদী সংলগ্ন নির্মাণাধীন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এলাকায় গত রবিবার রাতে ভাইকে আটকে রেখে বোনকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। নির্যাতনের শিকার কিশোরী বাদী হয়ে গতকাল সোমবার তিনজনকে আসামি করে মামলা দায়ের করে। এ ঘটনায় গতকাল কাউনিয়া থানা পুলিশ দুই ধর্ষককে গ্রেফতার করেছে। কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম ইত্তেফাককে বলেন, ধর্ষক শাফায়েত ইসলাম রুবেল (২২) ও রুবেলকে (২১) গ্রেফতার করা হয়েছে। শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা শেষে সেভ হোমে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা আদালতের মাধ্যমে এখন জেল হাজতে। অপর ধর্ষণকারীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নগরীর পলাশপুর এলাকার বাসিন্দা ওই কিশোরী গত রবিবার রাতে তার খালাতো ভাই কামরুলের সাথে নিজ বাসা থেকে গুচ্ছ গ্রামের খালার বাসায় যাওয়ার সময় শাফায়েত ইসলাম রুবেল তার মুখ চেপে ধরে কীর্তনখোলা নদী সংলগ্ন নির্মাণাধীন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এলাকায় নিয়ে যায়। এ সময় রুবেলের দুই সহযোগী কিশোরীর খালাতো ভাই কামরুলকে মারধর করে জিম্মি করে। এরপর কিশোরীকে তিন বখাটে যুবক পালাক্রমে ধর্ষণ করে। তারপর কিশোরী ও তার খালাতো ভাইকে ধর্ষণের ঘটনা প্রকাশ করলে হত্যা করা হবে বলে হুমকি দেয়। পরিবারের কাছে এ ঘটনা তারা জানালে কাউনিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়।