ঢাকা-নিউইয়র্ক রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু হলে তা অবশ্যই লাভজনক হবে বলে দাবি করেছেন নর্থ আমেরিকা ট্রাভেলস এজেন্সি অব বাংলাদেশের (নাটাব) কর্মকর্তা এবং কমিউনিটি নেতারা। তারা বলেছেন, যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের কথা বিবেচনা করে অবিলম্বে ঢাকা-নিউইয়র্ক রুটে বিমানের ফ্লাইট চালু করা উচিত। সরকার অত্যাধুনিক বোয়িং কেনার পরও জোরালো পদক্ষেপের অভাবে এই রুটে বিমানের ফ্লাইট চালু হচ্ছে না। অথচ প্রবাসীদের রেমিটেন্স জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
স্থানীয় সময় রবিবার দুপুরে নিউইয়র্কে বাংলা ভাষাভাষী গণমাধ্যমের সাংবাদিকদের সংগঠন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে নাটাব কর্মকর্তা এবং কমিউনিটি নেতারা এ কথা বলেন। এ অনুষ্ঠানে প্যানেল বক্তব্য দেন নাটাব-এর সভাপতি নাজমুল হুদা, ট্রাভেলস ব্যবসায়ী নজমুল ইসলাম এবং বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ।
আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি নাজমুল আহসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দর্পণ কবীরের পরিচালনায় অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নাটাব কর্মকর্তারা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাটাব সভাপতি নাজমুল হুদা বলেন, ২০০৬ সালে ঢাকা-নিউইয়র্ক রুটে বিমানের ফ্লাইট বন্ধ হবার পর বিভিন্ন এয়ারলাইন্স ইচ্ছামত টিকেটের দাম নির্ধারণ করছে। অনেক সময় চড়া দামে টিকেট কিনতে হচ্ছে বাংলাদেশি যাত্রীদের। বিমানের ফ্লাইট চালু হলে অন্য এয়ারলাইন্স ভারসাম্যমূলক দামে টিকেট বিক্রি করবে। এতে বাংলাদেশি যাত্রীরা লাভবান হবেন। তিনি আরো বলেন, নিউইয়র্ক থেকে প্রতিদিন বিমানের ফ্লাইট ছেড়ে গেলে যাত্রীর অভাব হবে না। প্রতিবছর ৫০ হাজারের বেশি বাংলাদেশি যাত্রী যাওয়া-আসা করছেন। তবে দক্ষ ব্যবস্থাপনা এবং দুর্নীতি রোধ করতে হবে বিমানকে।
বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ বলেন, বিমানের ভাড়া অন্যান্য এয়ারলাইন্সের চেয়ে ২০ থেকে ৫০ ডলার বেশি হলেও বাংলাদেশিরা নিজ দেশের এয়ারবাসেই যাতায়াত করবে বলে আমি মনে করি।
ট্রাভেলস ব্যবসায়ী নজমুল ইসলাম বলেন, নিউইয়র্কের যাত্রীদের জন্য এমিরেটসের টিকেট ঢাকা থেকে কেনা হচ্ছে। এটি অবৈধ প্রক্রিয়া। এতে নিউইয়র্কের ট্রাভেলস ব্যবসায় ক্ষতি হচ্ছে। তিনি বলেন, বিমানের ফ্লাইট চালু হলে প্রবাসীরা খুবই খুশি হবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপ্তাহিক এখনসময় সম্পাদক কাজী শামসুল হক, লেখক ও সাংবাদিক সালেম সুলেরী, এনটিভির বিশেষ প্রতিনিধি ফরিদ আলম, এটিএন বাংলা ইউএসএ’র বার্তা সম্পাদক ফকীর সেলিম, কানু দত্ত, সাপ্তাহিক আজকালের বিশেষ প্রতিনিধি সৈয়দ ওয়ালিউল আলম, বাংলা টিভি’র মহাপরিচালক মীর শিবলী, ইউএনএ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ, এটিএন নিউজের রিজু মোহাম্মেদ, ফার্মাসিস্ট মোশতাক আহমেদ, ট্রাভেল ব্যবসায়ী শামীম আহমেদ প্রমুখ।
