বিএম কলেজ ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৩, ২২:২০
সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক (মুসলিম) ছাত্রাবাসে গতকাল সোমবার ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। হল সুপার প্রভাষক বিল্লাল হোসেন জানান, রবিবার রাতে ডায়নিংয়ের খাবার নিয়ে ইসলামের ইতিহাস বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র জিয়ার সাথে হিসাব বিজ্ঞান ৩য় বর্ষের ছাত্র মাসুদের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে ৪র্থ বর্ষের ছাত্ররা ৩য় বর্ষের ছাত্রদের উপর হামলা চালায়। এসময় ৩য় বর্ষের ছাত্রদের কক্ষে তাণ্ডব চালিয়ে আসবাবপত্র ভাংচুর করা হয়। হামলায় ৩য় বর্ষের কয়েকজন ছাত্রলীগ নেতা-কর্মী আহত হয়। এরই ধারাবাহিকতায় গতকাল ৩য় বর্ষের ছাত্রলীগ নেতা-কর্মীরা ৪র্থ বর্ষের ছাত্রদের কক্ষগুলোতে হামলা চালায়। এ সময় চতুর্থ বর্ষের কয়েকজন ছাত্রলীগ নেতা-কর্মীকে পিটিয়ে আহত করা হয়। কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. ননী গোপাল দাস জানিয়েছেন, সংঘর্ষে আহত পাঁচজনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলো- অর্থনীতি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র আজাদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের রানা, বাংলা বিভাগের ৩য় বর্ষের মুন্না, ব্যবস্থাপনা বিভাগের ৩য় বর্ষের আজমল ও ইতিহাস বিভাগের ৩য় বর্ষের রিয়াজ।